গুণী শিক্ষক সম্মাননা অনুষ্ঠানে এবার দেশের বিভিন্ন পর্যায়ের ১০১ শিক্ষককে সম্মাননা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে সোমবার (৫ অক্টোবর) দুপুরে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষকদের হাতে সম্মাননা তুলে দেওয়া হয়। শিক্ষাক্ষেত্রে অবদানের স্বীকৃতি হিসেবে প্রত্যেক শিক্ষককে দুই লাখ টাকা ও একটি করে ক্রেস্ট দেওয়া হয়েছে।
সারাদেশ থেকে পাওয়া প্রস্তাব ও যাচাই-বাছাইয়ের পর জাতীয় স্টিয়ারিং কমিটি ৯৫ জন শিক্ষককে সম্মাননার জন্য চূড়ান্ত করে। এর বাইরে প্রধানমন্ত্রীর নির্বাচিত আরও ছয়জন শিক্ষক এই তালিকায় যুক্ত হয়েছেন। তবে সম্মাননা পাওয়া কোনো শিক্ষকের বিরুদ্ধে পরবর্তীতে গুরুতর বিরূপ তথ্য বা অভিযোগ পাওয়া গেলে তাঁর নাম তালিকা থেকে বাদ দেওয়ার সুযোগ রাখা হয়েছে।
এবারের গুণী শিক্ষক সম্মাননা দেওয়া হচ্ছে প্রাথমিক থেকে শুরু করে উচ্চশিক্ষার বিভিন্ন স্তরের শিক্ষকদের। এর মধ্যে প্রাথমিক পর্যায়ে ১০ জন, মাধ্যমিকে ২০ জন, কলেজে ২৫ জন এবং সাধারণ বিশ্ববিদ্যালয়ের ২০ জন শিক্ষক রয়েছেন। পাশাপাশি চিকিৎসা শিক্ষা, কৃষি, প্রকৌশল, বিজ্ঞান ও প্রযুক্তিসহ বিভিন্ন বিশেষায়িত বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও এই সম্মাননার আওতায় এসেছেন।
প্রাথমিক পর্যায়ের সম্মাননা পাওয়া ১০ শিক্ষকের মধ্যে সাধারণ শিক্ষাপ্রতিষ্ঠানের আটজন এবং মাদ্রাসার দুজন রয়েছেন। মাধ্যমিক পর্যায়ের ২০ জনের মধ্যে সাধারণ মাধ্যমিকের ১০ জন, কারিগরি শিক্ষার পাঁচজন এবং মাদ্রাসার পাঁচজন শিক্ষক রয়েছেন। কলেজ পর্যায়ে সাধারণ শিক্ষার ১৫ জন, কারিগরি শিক্ষার পাঁচজন ও মাদ্রাসার পাঁচজন শিক্ষককে সম্মাননা দেওয়া হয়েছে।
সাধারণ বিশ্ববিদ্যালয় পর্যায়ে সম্মাননা পাচ্ছেন ২০ শিক্ষক। তাঁদের মধ্যে সরকারি বিশ্ববিদ্যালয়ের ১৮ জন এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ের দুজন রয়েছেন। চিকিৎসা শিক্ষায় পাঁচজন মেডিকেল কলেজ ও পাঁচজন মেডিকেল বিশ্ববিদ্যালয়ের শিক্ষকও সম্মাননার তালিকায় রয়েছেন। এ ছাড়া কৃষি বিশ্ববিদ্যালয়ের তিনজন, প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের তিনজন এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য বিশেষায়িত বিশ্ববিদ্যালয়ের চারজন শিক্ষককে সম্মাননা দেওয়া হচ্ছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. সেলিম ভূঁইয়া এমপি, শিক্ষা মন্ত্রণালয় ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন। এ ছাড়া উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। বিশ্ব শিক্ষক দিবসে এই আয়োজনের মধ্য দিয়ে শিক্ষকদের অবদান ও ভূমিকার প্রতি রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া হলো।


মন্তব্য
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
একটি মন্তব্য লিখুন