সাতক্ষীরার দুই তরুণ সমাজকর্মী সুদীপ্ত দেবনাথ ও মুশফিক উর রহমান আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার ২০২৬-এর জন্য মনোনীত হয়েছেন। শিশু সুরক্ষা, জলবায়ু ন্যায়বিচার ও শিক্ষার প্রসারে কাজের স্বীকৃতিস্বরূপ তারা এ মনোনয়ন পেয়েছেন।

বুধবার (৩০ সেপ্টেম্বর) আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের ওয়েবসাইটে প্রকাশিত ২০২৬ সালের মনোনীতদের তালিকায় তাদের নাম প্রকাশ করা হয়।

শিশুদের ‘নোবেল’ হিসেবে পরিচিত আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার প্রতিবছর শিশু অধিকার ও শান্তির জন্য কাজ করা তরুণদের দেওয়া হয়। নেদারল্যান্ডসের আমস্টারডামভিত্তিক শিশু অধিকার সংস্থা কিডসরাইটস ফাউন্ডেশন এ পুরস্কারের সঙ্গে যুক্ত।

সুদীপ্ত দেবনাথ ও মুশফিক উর রহমান দুজনই এসএসসি পাস করে বর্তমানে সাতক্ষীরা সরকারি কলেজে দ্বাদশ শ্রেণিতে পড়ছেন। সুদীপ্ত শহরের মাস্টারপাড়া এলাকার যামিনী কুমার দেবনাথ ও সেজুতি দেবনাথ দম্পতির সন্তান। অন্যদিকে মুশফিক শহরের মুনজিতপুর এলাকার সিনিয়র সাংবাদিক মোস্তাফিজুর রহমান উজ্জ্বল ও বারছাতুন নেছা দম্পতির সন্তান।

গত চার বছর ধরে উপকূলীয় অঞ্চলে শিশু অধিকার নিয়ে কাজ করছেন তারা। বাল্যবিবাহ, শিশুশ্রম ও শিক্ষাবঞ্চনার মতো সামাজিক সমস্যার বিরুদ্ধে গ্রাম ও অনলাইনে সচেতনতা তৈরিতে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছেন। তাদের উদ্যোগে একাধিক বাল্যবিবাহ প্রতিরোধের পাশাপাশি শিশুদের শিক্ষার গুরুত্ব নিয়ে বিভিন্ন পরিবারকে সচেতন করা হয়েছে।

ওয়েবিনার, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণা ও ডিজিটাল কর্মসূচির মাধ্যমে শিশু অধিকার বিষয়ে হাজারো মানুষের কাছে বার্তা পৌঁছে দিয়েছেন সুদীপ্ত ও মুশফিক। পাশাপাশি মাঠপর্যায়ে কর্মশালা ও সম্প্রদায়ভিত্তিক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছেন তারা। এসব উদ্যোগে শিশু সুরক্ষা, অনলাইন নিরাপত্তা ও শিক্ষার প্রতি শিশুদের আগ্রহ বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

মনোনয়ন পাওয়ার প্রতিক্রিয়ায় সুদীপ্ত দেবনাথ বলেন, “আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের জন্য মনোনীত হয়ে আমি ভীষণ আনন্দিত। শিশুদের নিয়ে কাজ করতে আমার ভালো লাগে। ভবিষ্যতে আরও ব্যাপকভাবে শিশুদের নিয়ে কাজ করতে চাই।”

মুশফিক উর রহমান বলেন, “আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের জন্য মনোনীত হতে পেরে খুবই ভালো লাগছে। শিশুদের নিয়ে আরও উদ্যমের সঙ্গে কাজ করতে চাই।”