চন্দনাইশ প্রতিনিধিঃ মো. নুরুল আলম

চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসনের সংসদ সদস্য আলহাজ্ব জসীম উদ্দীন আহমেদের নির্দেশে অবশেষে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশ অংশে অবৈধ দখল উচ্ছেদে মাঠে নেমেছে প্রশাসন।

তার নির্দেশনার পরিপ্রেক্ষিতে চন্দনাইশ উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত বুধবার (৭ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত গাছবাড়িয়া পুরাতন কলেজ গেইট ও খাঁনহাট এলাকায় অভিযান চালিয়ে মহাসড়কের পাশে অবৈধভাবে গড়ে ওঠা স্থাপনা উচ্ছেদ করে।

চন্দনাইশে অবৈধ স্থাপনা উচ্ছেদ
চন্দনাইশে মহাসড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ করছে প্রশাসন।

এ সময় অবৈধ স্থাপনা উচ্ছেদের পাশাপাশি পৃথক মোবাইল কোর্টের মাধ্যমে সড়ক দখল করে ব্যবসা করার দায়ে ও

সড়ক পরিবহণ আইন, ২০১৮ এর ৮২(১) ধারায় ৭ ব্যক্তিকে ১৯ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।

এদিকে গাছবাড়িয়া নিত্যানন্দ গৌরচন্দ্র মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের স্কুল মার্কেটের সামনে ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা ব্যবসায়ীরা দুই দিনের মধ্যে নিজ দায়িত্বে সরিয়ে নেবেন বলে অঙ্গীকার করেছেন।

অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ঝন্টু বিকাশ চাকমা। এ সময় চট্টগ্রাম দক্ষিণ সড়ক বিভাগের সার্ভেয়ার শুভাশীষ চাকমা, চন্দনাইশ উপজেলা ভূমি অফিসের ক্রেডিট চেকিং সহকারী নিলয় সেন, গাছবাড়িয়া কলেজ গেইট ব্যবসায়ী সমিতির সভাপতি মোজাম্মেল হক তালুকদার, চন্দনাইশ পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, চন্দনাইশ থানা পুলিশ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

মহাসড়ক দখলমুক্তে প্রশাসনের অভিযান
চন্দনাইশে মহাসড়ক দখলমুক্ত করতে প্রশাসনের অভিযান।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে মহাসড়কের পাশ দখল করে অবৈধ স্থাপনা গড়ে তোলায় যানজট ও দুর্ঘটনা বাড়ছিল। এমপি জসীম উদ্দীন আহমেদ এর হস্তক্ষেপে এই অভিযান পরিচালিত হওয়ায় এলাকাবাসীর মাঝে স্বস্তি ফিরেছে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ঝন্টু বিকাশ চাকমা বলেন, "সংসদ সদস্য মহোদয়ের নির্দেশনা অনুযায়ী মহাসড়ক দখলমুক্ত করতে এই অভিযান পরিচালনা করা হয়েছে। মহাসড়কের জায়গা অবৈধভাবে দখল করে আসছিল কতিপয় অসাধু ব্যবসায়ীর একটি চক্র। অভিযান চালিয়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।"