বগুড়ায় জালনোটের মামলায় আদালতে হাজিরা দিতে এসে বিপুল পরিমাণ জালনোটসহ গ্রেপ্তার হয়েছেন রফিকুল ইসলাম (৪৭) নামে এক ব্যক্তি। বুধবার (২২ জুলাই) দুপুরে বগুড়া জজকোর্ট চত্বরে বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। তার কাছ থেকে ১ হাজার টাকা মূল্যমানের ৪৫৩টি জালনোট উদ্ধার করা হয়েছে।
ডিবি পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার রফিকুল ইসলাম নওগাঁর রানীনগর উপজেলার পারইল গ্রামের বাসিন্দা। তিনি একটি জালনোট মামলায় আদালতে হাজিরা দিতে বগুড়া জজকোর্টে এসেছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল আদালত চত্বরে অভিযান চালিয়ে তাকে আটক করে।
তল্লাশির সময় তার কাছ থেকে এক হাজার টাকা মূল্যমানের ৪৫৩টি জালনোট উদ্ধার করা হয়, যার মোট মূল্য চার লাখ ৫৩ হাজার টাকা। পরে তাকে ডিবি কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়।
বগুড়া ডিবির ওসি ইকবাল বাহার জানান, রফিকুল ইসলামের বিরুদ্ধে জালনোট ও চেক জালিয়াতিসহ মোট ছয়টি মামলা বিচারাধীন রয়েছে। উদ্ধার হওয়া জালনোটের উৎস এবং এর সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করতে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
তিনি আরও জানান, এ ঘটনায় বগুড়া সদর থানায় নতুন করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। বৃহস্পতিবার তাকে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানোর কথা রয়েছে।


মন্তব্য
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
একটি মন্তব্য লিখুন