পটোলের ভেতরে মশলাদার চিংড়ির পুর, বাইরে নরম পটোল আর সর্ষের তেলের ঘ্রাণ। এই পদটি সাধারণ পটোলের রান্না থেকে একেবারেই আলাদা। ভাতের সঙ্গে জমবে দারুণ। বাড়িতেই সহজে তৈরি করতে পারেন পটোল চিংড়ির দোলমা।
উপকরণ
পটোল ৮–১০টি
কুচো চিংড়ি ২০০ গ্রাম
মাঝারি চিংড়ি ২০–২৫টি
পেঁয়াজকুচি আধা কাপ
আদাবাটা ১ চা–চামচ
রসুনবাটা আধা চা–চামচ
কাঁচা মরিচকুচি ২টি
হলুদ আধা চা–চামচ
মরিচগুঁড়া আধা চা–চামচ
জিরাগুঁড়া আধা চা–চামচ
ধনেগুঁড়া আধা চা–চামচ
লবণ স্বাদমতো
ধনেপাতাকুচি ১ টেবিল চামচ
সর্ষের তেল ৪ টেবিল চামচ
গরমমসলা এক-চতুর্থাংশ চা–চামচ
কাজুবাদাম ১০টি
পোস্তদানা ও সাদা সর্ষে ১ টেবিল চামচ
প্রণালি
প্রথমে কুচো চিংড়ির মাথা ও লেজ ফেলে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিন। কাজুবাদাম, পোস্তদানা ও সাদা সর্ষে কিছুক্ষণ পানিতে ভিজিয়ে মিহি করে বেটে রাখুন।
এবার কড়াইয়ে ১ টেবিল চামচ সর্ষের তেল গরম করুন। এতে পেঁয়াজকুচি দিয়ে হালকা নরম হওয়া পর্যন্ত ভেজে নিন। এরপর আদাবাটা, রসুনবাটা, কাঁচা মরিচকুচি, হলুদ, সামান্য মরিচগুঁড়া, কাজুবাদামের পেস্ট ও লবণ দিয়ে ভালোভাবে কষিয়ে নিন।
মসলা কষানো হয়ে গেলে এতে কুচো চিংড়ি দিয়ে ২–৩ মিনিট রান্না করুন। চিংড়ি বেশি সময় কষাবেন না। বেশি রান্না করলে চিংড়ির পানি শুকিয়ে পুর শক্ত হয়ে যেতে পারে। সবশেষে সামান্য গরমমসলা দিয়ে নামিয়ে নিন। পুরটি ঠান্ডা করে রাখুন।
এদিকে পটোলের দুই মাথা সামান্য কেটে নিন। এরপর খোসা খুব বেশি না ছাড়িয়ে হালকা করে চেঁছে নিন। একটি সরু চামচ দিয়ে পটোলের ভেতরের বীজ ও নরম অংশ সাবধানে বের করে নিন। চাইলে বের করে রাখা পটোলের নরম অংশ চিংড়ির পুরের সঙ্গে মিশিয়ে দিতে পারেন।
পটোলের ভেতরের ফাঁকা জায়গায় তৈরি করে রাখা চিংড়ির পুর ভালোভাবে ভরে দিন। পুর যেন বাইরে বেরিয়ে না আসে, সেজন্য দুই মাথা হালকা চেপে বন্ধ করে দিন।
এবার কড়াইয়ে বাকি সর্ষের তেল গরম করে পুরভরা পটোলগুলো হালকা করে ভেজে নিন। পটোলের গায়ে সামান্য রং ধরলে তুলে রাখুন।
একই কড়াইয়ে প্রয়োজনমতো তেল দিয়ে পেঁয়াজ, আদা-রসুনবাটা, হলুদ, জিরাগুঁড়া, ধনেগুঁড়া ও মরিচগুঁড়া দিয়ে ভালোভাবে কষিয়ে নিন। মসলা শুকিয়ে গেলে অল্প পানি দিন। মসলা থেকে তেল ওপরে উঠে এলে ভাজা পটোলগুলো কড়াইয়ে সাজিয়ে দিন।
এবার দেড় কাপ গরম পানি দিয়ে কড়াই ঢেকে কম আঁচে ১০–১২ মিনিট রান্না করুন। পটোল নরম হয়ে এলে এবং ঝোল মসলা মিশে ঘন হয়ে এলে ওপর থেকে ধনেপাতাকুচি ছড়িয়ে দিন।
চুলা বন্ধ করে কয়েক মিনিট ঢেকে রাখুন। এরপর গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন সুস্বাদু পটোল চিংড়ির দোলমা।


মন্তব্য
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
একটি মন্তব্য লিখুন