ইয়ামি গৌতম এবার হাজির হচ্ছেন একেবারেই ভিন্ন রূপে। হরর-কমেডি ঘরানার নতুন সিনেমা ‘নয়ি নাভেলি’র ট্রেলার প্রকাশের পর থেকেই আলোচনায় উঠে এসেছে তার রহস্যময় চরিত্র। সিনেমাটিতে তাকে দেখা যাবে পরিবারের নতুন বউ হিসেবে। তবে সাধারণ বউয়ের মতো তার চরিত্রটি মোটেও সহজ নয়। বরং ট্রেলারের প্রতিটি দৃশ্যে তাকে ঘিরে তৈরি হয়েছে নানা প্রশ্ন। পরিবারের একজন সদস্য তো সরাসরি দাবি করে বসেছেন, নতুন বউ আসলে একজন জাদুকরী।
ইয়ামি গৌতম অভিনীত ‘নয়ি নাভেলি’র গল্পের পটভূমি উত্তরপ্রদেশের মিরাটের একটি মধ্যবিত্ত পরিবার। বিয়ের পর নতুন বউ হিসেবে সেই পরিবারে প্রবেশ করেন ইয়ামি। শুরুতে তার আচরণ ও উপস্থিতিতে পরিবারের অন্য সদস্যরা বেশ মুগ্ধ হয়ে যান। কিন্তু পরিবারের সদস্য বন্টুর মনে তৈরি হয় সন্দেহ। তার বিশ্বাস, ভাইয়ের স্ত্রী আসলে স্বাভাবিক মানুষ নন। এরপর নতুন বউয়ের আসল পরিচয় খুঁজে বের করতে শুরু হয় নানা কাণ্ড। এখান থেকেই গল্পে যোগ হয় রহস্য, হাস্যরস ও অদ্ভুত সব ঘটনার।
প্রায় ৩ মিনিট ২ সেকেন্ডের ট্রেলারে ইয়ামির চরিত্রকে একাধিক ভিন্ন পরিস্থিতিতে দেখা গেছে। একদিকে তিনি পরিবারের সবার মন জয় করছেন, অন্যদিকে তার আচরণেই যেন লুকিয়ে রয়েছে অজানা কোনো রহস্য। বন্টু তাকে জাদুকরী প্রমাণ করার জন্য নানা কৌশল অবলম্বন করতে থাকে। কিন্তু গল্প যত এগোয়, ততই পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। এমনকি ট্রেলারে ইয়ামির চরিত্রকে নিজের পরিচয় প্রকাশ করতেও দেখা যায়। তারপরও রহস্য পুরোপুরি পরিষ্কার হয় না। বরং তার চরিত্রের একাধিক রূপের ইঙ্গিত দর্শকদের কৌতূহল আরও বাড়িয়ে দিয়েছে।
সিনেমাটির ট্রেলারে দশেরার সঙ্গেও গল্পের একটি গুরুত্বপূর্ণ যোগসূত্রের আভাস পাওয়া গেছে। নির্মাতাদের উপস্থাপনায় হরর ও কমেডির পাশাপাশি রহস্যের আবহও বেশ স্পষ্ট। ‘তুম্বাড’-এর মতো রহস্যময় পরিবেশের ছোঁয়া নিয়েই গল্পটি তৈরি করা হয়েছে বলে জানিয়েছেন নির্মাতারা। ফলে সিনেমাটি শুধু ভৌতিক গল্প নয়, বরং পারিবারিক পরিস্থিতি, হাস্যরস এবং অজানা রহস্যকে একসঙ্গে সামনে আনবে বলেই ট্রেলার থেকে ধারণা পাওয়া যাচ্ছে। ইয়ামি গৌতমের চরিত্র শেষ পর্যন্ত আসলে কী, সেটিই এখন দর্শকদের সবচেয়ে বড় প্রশ্ন।
বালাজি মোহনের পরিচালনায় নির্মিত ‘নয়ি নাভেলি’ আগামী ১৬ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তির কথা রয়েছে। সিনেমাটির গল্প লিখেছেন হিমাংশু শর্মা। চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন দিব্য নিধি শর্মা। সংগীত পরিচালনার দায়িত্বে রয়েছেন জিভি প্রকাশ। ইয়ামি গৌতম ছাড়াও সিনেমাটিতে অভিনয় করেছেন সুনীতা রাজওয়ার, সুনীল সিনহা, সুষ্মিতা মুখার্জি, মিতা বশিষ্ঠ, আদীনাথ কোঠারে ও সোনাল ঝা। অ্যামাজন এমজিএম স্টুডিওস ও আনন্দ এল রাইয়ের যৌথ উপস্থাপনায় তৈরি হয়েছে সিনেমাটি। নির্মাতারা সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রেলার প্রকাশ করে দর্শকদের সিনেমাটি প্রেক্ষাগৃহে দেখার আহ্বান জানিয়েছেন।
তবে মুক্তির দিন সিনেমাটিকে বক্স অফিসে বেশ কিছু প্রতিদ্বন্দ্বিতার মুখোমুখি হতে হবে। একই সময়ে রজনীকান্তের ‘জেলার ২’ এবং রাজকুমার রাওয়ের ‘প্রহার’ মুক্তির কথা রয়েছে। একই সপ্তাহে বিজয় দেবরাকোন্ডার ‘রণবালি’ও প্রেক্ষাগৃহে আসার কথা। পাশাপাশি একই দিনে একাধিক বাংলা সিনেমা মুক্তির তালিকাতেও রয়েছে ‘বহুরূপী: দ্য গোল্ডেন ডাকু’, ‘এম্পেরর ভার্সেস শরৎচন্দ্র’, ‘ডেসু৭’ এবং ‘দ্য একেন: কেরালা এ কুরুক্ষেত্র’। ফলে সিনেমাপ্রেমীদের জন্য অক্টোবরের মাঝামাঝি সময়টি হতে যাচ্ছে বেশ ব্যস্ত। আর এর মধ্যেই ইয়ামি গৌতমের রহস্যময় নতুন বউ চরিত্রটি কতটা দর্শক টানতে পারে, সেটিই এখন দেখার বিষয়।


মন্তব্য
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
একটি মন্তব্য লিখুন