চন্দনাইশ প্রতিনিধি: মো. নুরুল আলম

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার হাশিমপুর ইউনিয়নে উৎসবমুখর পরিবেশে প্রথমবারের মতো ‘অলস্পিক ফুটবল টুর্নামেন্ট-২০২৬’ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২ অক্টোবর) বিকেলে বরুমতি ব্রিজ সংলগ্ন মাঠে (ব্রিজের উত্তর-পূর্ব পার্শ্বে) খুনিয়া পাড়া ইয়াং সোসাইটির আয়োজনে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। খেলাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন হাশিমপুর ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডের সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী আব্দুল্লাহ আল ফাহিম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা প্রযুক্তি দলের সাবেক সভাপতি ফয়সাল সিকদার সোহান।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজাদা আল উদ্দিন রাজু, মোহাম্মদ আরাফাত, মোহাম্মদ মিজান, মোহাম্মদ নয়নসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও আয়োজক সংগঠনের সদস্যবৃন্দ।

উদ্বোধনী দিনে মাঠজুড়ে ছিল তরুণদের প্রাণবন্ত উপস্থিতি। ক্রীড়ামোদী দর্শকদের করতালি ও উল্লাসে মুখরিত হয়ে ওঠে পুরো মাঠ।

উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় গাছবাড়িয়া নিত্যানন্দ গৌরচন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয় ২০১৭ ব্যাচ বনাম দক্ষিণ গাছবাড়িয়া হরিনার পাড়া একাদশ। টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচে ২-১ গোলে জয় লাভ করে দক্ষিণ গাছবাড়িয়া হরিনার পাড়া একাদশ।

আয়োজকরা জানান, যুবসমাজকে মাদক থেকে দূরে রেখে খেলাধুলায় সম্পৃক্ত রাখতে এবং মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যেই তাদের এই আয়োজন। আগামীতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।