শিশু অধিকার দিবস ২০২৬ ও বাংলাদেশ শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে বাংলাদেশ শিশু একাডেমিতে পৌঁছালে ১৫০ জন শিশু তাকে স্বাগত জানায়। এবারের আয়োজনের প্রতিপাদ্য, ‘শিশুর ভবিষ্যৎ হোক সুরক্ষিত’।
জাতীয় সংগীতের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা। পরে প্রধানমন্ত্রী অতিথিদের সঙ্গে আসন গ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ডা. জুবাইদা রহমান উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
আয়োজনে শিশুদের অংশগ্রহণে রয়েছে নানা সাংস্কৃতিক পরিবেশনা। পাশাপাশি শিশুদের স্মারক উপহার দেওয়া হবে। অনুষ্ঠানে স্মরণিকা ‘শৈশব’-এর মোড়ক উন্মোচন করা হবে। দেশের বিভিন্ন প্রান্তের শিশুদের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রীর মতবিনিময়েরও আয়োজন রাখা হয়েছে।
শিশুদের সৃজনশীলতা তুলে ধরতে অনুষ্ঠানে তাদের আঁকা ছবি নিয়ে প্রদর্শনী ও ফটো গ্যালারি রাখা হয়েছে। প্রধানমন্ত্রী এসব প্রদর্শনী ঘুরে দেখবেন। শিশুদের সঙ্গে সরাসরি যোগাযোগ এবং তাদের ভাবনা শোনার এই আয়োজন অনুষ্ঠানে ভিন্ন মাত্রা যোগ করেছে।
শিশু অধিকার দিবসের এবারের আয়োজনের মূল গুরুত্ব শিশুদের নিরাপদ ও সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করার বার্তাকে সামনে আনা। শিশুদের শিক্ষা, সুরক্ষা, সৃজনশীলতা ও অধিকার নিয়ে সচেতনতা বাড়াতেও এমন আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
অনুষ্ঠান শেষে বাংলাদেশ শিশু একাডেমির শিশু জাদুঘর ভবনের নিচতলায় সোলার প্যানেল ও সাব-স্টেশন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। শিশুদের জন্য আয়োজিত বিভিন্ন কর্মসূচির পাশাপাশি এই উদ্যোগও অনুষ্ঠানের অন্যতম উল্লেখযোগ্য অংশ হিসেবে থাকছে।


মন্তব্য
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
একটি মন্তব্য লিখুন