শিশুদের টিকটক ব্যবহার সীমিত করতে নতুন নিরাপত্তা ব্যবস্থা চালু করতে যাচ্ছে ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্মটি। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের আলাবামা অঙ্গরাজ্যের সঙ্গে একটি মামলার নিষ্পত্তিতে অন্তত ১০০ মিলিয়ন ডলার দেওয়ার বিষয়ে সমঝোতায় পৌঁছেছে টিকটক ও এর মূল প্রতিষ্ঠান বাইটড্যান্স।

আলাবামার মামলায় অভিযোগ করা হয়েছিল, শিশুদের প্ল্যাটফর্মে বেশি সময় ধরে রাখতে টিকটকের কিছু ফিচার এমনভাবে তৈরি করা হয়েছে, যা তাদের অতিরিক্ত ব্যবহারের দিকে ঠেলে দেয়। মামলাটির জুরি ট্রায়াল শুরু হওয়ার কথা ছিল সোমবার। তার আগেই দুই পক্ষ সমঝোতায় পৌঁছায়।

সমঝোতার আওতায় আলাবামায় কিশোর-কিশোরীদের জন্য টিকটক ব্যবহারে দৈনিক দুই ঘণ্টার সীমা নির্ধারণ করা হবে। পাশাপাশি রাতের নির্দিষ্ট সময় এবং স্কুল চলাকালীন অ্যাপ ব্যবহারে বিধিনিষেধ থাকবে। এসব পরিবর্তন শুধু আলাবামা অঙ্গরাজ্যের ব্যবহারকারীদের জন্য কার্যকর হবে।

নতুন ব্যবস্থার আওতায় অভিভাবকদের জন্যও বাড়তি নিয়ন্ত্রণের সুযোগ রাখা হবে। শিশুদের অ্যাকাউন্ট ব্যবহারের ওপর নজরদারি, নির্দিষ্ট ধরনের কনটেন্ট সীমিত করা এবং প্রাপ্তবয়স্ক ব্যবহারকারীদের কাছে শিশুদের অ্যাকাউন্ট খুঁজে পাওয়ার সুযোগ কমানোর মতো ব্যবস্থা নেওয়া হবে।

এ ছাড়া শিশু ও কিশোরদের জন্য কসমেটিক বা সৌন্দর্যবর্ধক ফিল্টার নিষিদ্ধ করার কথাও রয়েছে। বয়স যাচাই ব্যবস্থাসহ কিছু দীর্ঘমেয়াদি নিরাপত্তা পরিবর্তন বাস্তবায়নে টিকটককে সর্বোচ্চ এক বছর সময় দেওয়া হয়েছে। কোনো কিশোরের সঙ্গে প্রাপ্তবয়স্ক ব্যবহারকারীর সন্দেহজনক যোগাযোগ শনাক্ত হলে অভিভাবককে জানানোর ব্যবস্থাও থাকবে।

সমঝোতা অনুযায়ী, আলাবামা অন্তত ১০০ মিলিয়ন ডলার পাবে এবং অর্থটি ৪৫ দিনের মধ্যে পরিশোধ করার কথা। নির্দিষ্ট শর্ত পূরণ হলে অঙ্গরাজ্যটি মোট ৩০০ মিলিয়ন ডলার পর্যন্ত পেতে পারে। আলাবামার সঙ্গে এই চুক্তি টিকটকের কোনো মার্কিন অঙ্গরাজ্যের সঙ্গে প্রথম এ ধরনের সমঝোতা বলে জানিয়েছে বিভিন্ন প্রতিবেদন।