নতুন গান প্রকাশ করেই স্পটিফাইয়ে রেকর্ড গড়েছেন মার্কিন পপ তারকা টেইলর সুইফট। তাঁর নতুন গান ‘পেশেন্ট জিরো’ মুক্তির প্রথম দিনেই চলতি বছরে নারী শিল্পীদের মধ্যে এক দিনে সবচেয়ে বেশি স্ট্রিমিং পাওয়া গানের রেকর্ড করেছে। একই দিনে নারী শিল্পীদের মধ্যে সর্বোচ্চ স্ট্রিমিংয়ের রেকর্ডও গড়েছেন টেইলর সুইফট।
২৫ সেপ্টেম্বর প্রকাশিত হয়েছে টেইলর সুইফটের নতুন অ্যালবাম ‘দ্য লাইফ অব আ শোগার্ল: দ্য এনকোর’। এটি ২০২৫ সালে প্রকাশিত ‘দ্য লাইফ অব আ শোগার্ল’ অ্যালবামের সম্প্রসারিত সংস্করণ। নতুন সংস্করণে চারটি গান যুক্ত করা হয়েছে। গানগুলো হলো ‘পেশেন্ট জিরো’, ‘ক্লিভল্যান্ড!’, ‘পিংক ক্লাউডিং’ ও ‘ব্যাবিলন’।
নতুন গান তৈরিতে টেইলর সুইফটের সঙ্গে কাজ করেছেন জনপ্রিয় সংগীত প্রযোজক ম্যাক্স মার্টিন ও শেলব্যাক। নতুন গান প্রকাশের আগে থেকেই অ্যালবামটি নিয়ে ভক্তদের মধ্যে ব্যাপক কৌতূহল তৈরি হয়েছিল। সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ইঙ্গিত দেওয়ার মাধ্যমে নতুন গান প্রকাশের বিষয়টি নিয়ে রহস্য তৈরি করেছিলেন সুইফট।
বিশেষ করে ‘ও’ অক্ষরের পরিবর্তে ‘০’ ব্যবহারের বিষয়টি ভক্তদের নজর কাড়ে। পরে সেই ইঙ্গিত থেকেই নতুন গান প্রকাশের বিষয়টি আঁচ করতে শুরু করেন সুইফটের ভক্তরা। অ্যালবাম প্রকাশের পর অবশ্য সেই অপেক্ষার অবসান ঘটে।
‘পেশেন্ট জিরো’ গানটির মিউজিক ভিডিওতেও থাকছে বিশেষ চমক। ভিডিওতে অভিনয় করেছেন হলিউডের জনপ্রিয় তারকা ডাকোটা জনসন ও কলিন ফারেল। ভিডিওটির পরিচালনার দায়িত্বও নিজের হাতে রেখেছেন টেইলর সুইফট। ফলে গানটির পাশাপাশি ভিডিও নিয়েও তৈরি হয়েছে বাড়তি আগ্রহ।
২৭ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হচ্ছে জনপ্রিয় সংগীত পুরস্কার এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডস বা ভিএমএ। এই অনুষ্ঠানেই প্রথমবার ‘পেশেন্ট জিরো’ মিউজিক ভিডিওটি প্রদর্শনের কথা রয়েছে। নতুন গান প্রকাশের পর এই আয়োজনকে ঘিরেও সুইফটভক্তদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।
এবারের ভিএমএতে নয়টি বিভাগে মনোনয়ন পেয়েছেন টেইলর সুইফট। এর পাশাপাশি প্রথমবারের মতো দেওয়া ‘শিল্পী-পরিচালক সম্মাননা’ও পাচ্ছেন তিনি। নতুন গান, স্পটিফাইয়ের রেকর্ড এবং ভিএমএতে একাধিক মনোনয়ন—সব মিলিয়ে সময়টা ব্যস্ততার মধ্য দিয়েই কাটছে এই মার্কিন পপ তারকার।


মন্তব্য
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
একটি মন্তব্য লিখুন