বিশ্বকাপের সূচি প্রকাশের অপেক্ষার অবসান হতে যাচ্ছে। আগামী বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকার কেপটাউনে আইসিসি ও ক্রিকেট সাউথ আফ্রিকা (সিএসএ) যৌথভাবে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করবে। একই অনুষ্ঠানে টুর্নামেন্টের কাউন্টডাউন শুরু হবে এবং ক্রিকেটপ্রেমীদের জন্য টিকিটের আবেদনও উন্মুক্ত করা হবে। আগামী বছরের ২ অক্টোবর শুরু হয়ে ২১ নভেম্বর শেষ হবে ৫০ ওভারের এই বিশ্বকাপ।
বিশ্বকাপের সূচি প্রকাশের আগেই ১৪ দলের মধ্যে ১০টি দলের অংশগ্রহণ নিশ্চিত হওয়ার পথে। ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ওয়ানডে র্যাঙ্কিংয়ের ভিত্তিতে দল বাছাই করা হবে। আয়োজক হিসেবে দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে সরাসরি মূল পর্বে জায়গা পেয়েছে। অন্যদিকে সহ-আয়োজক নামিবিয়া আইসিসির পূর্ণ সদস্য না হওয়ায় বাছাইপর্ব খেলেই মূল টুর্নামেন্টে জায়গা করে নিতে হবে।
র্যাঙ্কিংয়ের ভিত্তিতে মূল পর্বে জায়গা পাওয়া দলগুলোর মধ্যে রয়েছে ভারত, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, শ্রীলঙ্কা, আফগানিস্তান ও বাংলাদেশ। র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান নবম হলেও বিশ্বকাপে খেলা নিশ্চিত হয়েছে। কারণ দক্ষিণ আফ্রিকা আয়োজক হিসেবে সরাসরি সুযোগ পাওয়ায় র্যাঙ্কিংয়ের একটি অতিরিক্ত জায়গা বাংলাদেশের জন্য উন্মুক্ত হয়েছে। ফলে টাইগারদের সামনে এখন বিশ্বকাপের মূল লড়াইয়ের প্রস্তুতির সুযোগ রয়েছে।
অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজের সামনে রয়েছে বাছাইপর্বের চ্যালেঞ্জ। বর্তমান ওয়ানডে র্যাঙ্কিংয়ে দশ নম্বরে থাকা ক্যারিবীয় দলকে আগামী বছরের বাছাইপর্ব পেরিয়েই বিশ্বকাপের মূল পর্বে উঠতে হবে। একসময় বিশ্ব ক্রিকেটে দাপট দেখানো ওয়েস্ট ইন্ডিজ দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন হলেও এবার সরাসরি মূল পর্বে জায়গা করে নিতে পারেনি। শেষ চারটি দলও বাছাইপর্বের মাধ্যমে নির্ধারিত হবে এবং সূচিতে তাদের ‘কোয়ালিফায়ার ১, ২, ৩ ও ৪’ হিসেবে উল্লেখ করা হবে।
এবারের বিশ্বকাপের ফরম্যাটেও থাকছে ভিন্নতা। ১৪টি দলকে নিয়ে প্রথমে সর্বনিম্ন র্যাঙ্কিংয়ের তিন দলের ‘সুপার সিরিজ’ হবে। রাউন্ড রবিন পদ্ধতিতে অনুষ্ঠিত এই পর্ব থেকে একটি দল পরবর্তী ধাপে যাবে। এরপর ১২টি দলকে দুটি গ্রুপে ভাগ করে মোট ৩০টি ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রতিটি গ্রুপের শীর্ষ তিন দল এবং দুই গ্রুপ মিলিয়ে পরের সেরা দল জায়গা পাবে ‘সুপার সেভেন’ পর্বে।
বিশ্বকাপের সূচি প্রকাশের দিন থেকেই টিকিটের জন্য আবেদন করার সুযোগও তৈরি হবে। তবে বৃহস্পতিবার সরাসরি টিকিট কেনা যাবে না; ১ অক্টোবর থেকে ক্রিকেটপ্রেমীরা টিকিটের জন্য নিবন্ধন করতে পারবেন। সুপার সেভেন পর্বে হবে ২১টি ম্যাচ। সেখান থেকে সেরা চার দল সেমিফাইনালে উঠবে। প্রথম দল খেলবে চতুর্থ দলের বিপক্ষে এবং দ্বিতীয় দল মুখোমুখি হবে তৃতীয় দলের। এরপর দুই সেমিফাইনালের বিজয়ী দল ২১ নভেম্বরের ফাইনালে বিশ্বকাপের শিরোপার জন্য লড়বে।


মন্তব্য
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
একটি মন্তব্য লিখুন