বলিউড তারকা সালমান খানের সঙ্গে দেখা হওয়ার স্মৃতি আজও ভুলতে পারেননি অভিনেত্রী ও নৃত্যশিল্পী মেহবুবা মাহনূর চাঁদনী। প্রিয় নায়কের সঙ্গে হ্যান্ডশেক করার পর টানা সাত দিন হাত না ধুয়ে থাকার মজার অভিজ্ঞতা সম্প্রতি আবারও সামনে এনেছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে সালমানের সঙ্গে তোলা দুটি ছবি প্রকাশ করে সেই পুরোনো স্মৃতির কথাও মনে করিয়ে দিয়েছেন এই অভিনেত্রী।
ফেসবুকে ছবি দুটি পোস্ট করে চাঁদনী লেখেন, ‘আমার সাল্লুর সঙ্গে।’ সাক্ষাৎকারে নিজের পছন্দের তারকার কথা বলার পর যারা তাঁর বক্তব্য নিয়ে সন্দেহ প্রকাশ করেছিলেন, তাঁদের উদ্দেশ্যেই ছবিগুলো দিয়েছেন বলে জানান তিনি।
চাঁদনীর ভাষ্য অনুযায়ী, ১৯৯৭-৯৮ সালের দিকে বাংলাদেশে একটি অনুষ্ঠানে সালমান খানের আসার কথা ছিল। খবরটি শুনেই অনুষ্ঠানের টিকিট কেটেছিলেন তিনি। কিন্তু পরে কোনো কারণে অনুষ্ঠানটি বাতিল হওয়ার খবর পেয়ে মন খারাপ হয়ে যায় তাঁর। এরপর থেকেই প্রিয় অভিনেতার সঙ্গে দেখা করার সুযোগ খুঁজতে থাকেন।
কিছুদিন পর জানতে পারেন, সালমান খান ঢাকায় এসেছেন এবং শেরাটন হোটেলে অবস্থান করছেন। বর্তমানে হোটেলটির নাম ইন্টারকন্টিনেন্টাল ঢাকা। খবর পাওয়ার পরই সেখানে চলে যান চাঁদনী। শুরুতে দেখা করার সুযোগ না পেলেও পরে নানা চেষ্টা করে অভিনেতার কক্ষ পর্যন্ত পৌঁছাতে সক্ষম হন তিনি।
সেদিন চাঁদনীর সঙ্গে ছিলেন তাঁর মা, বান্ধবী সাদিয়া ইসলাম এবং ফটোগ্রাফার মহসিন। কক্ষে গিয়ে দেখেন, সালমান খান একাই রয়েছেন। অনুমতি নিয়ে প্রিয় তারকার পাশে দাঁড়ান তিনি। তখন স্কুলে পড়তেন চাঁদনী। নিজের নাম ও পরিচয় দেওয়ার পর সালমানের সঙ্গে ছবি তোলার কথাও জানান।
সেই সাক্ষাতের স্মৃতি বলতে গিয়ে চাঁদনী জানান, পুরো সময় সালমানের হাত ধরে ছিলেন তিনি। তাঁদের মধ্যে হ্যান্ডশেকও হয়েছিল। অভিনেতা তাঁর নাম জানতে চেয়েছিলেন এবং অটোগ্রাফে লিখেছিলেন, ‘চাঁদনী, ফর ইয়োর সালমান।’ সালমানের সেই মুহূর্তের চাহনি ও নাম জিজ্ঞেস করার স্মৃতি এখনও তাঁর মনে গেঁথে আছে বলে জানান এই অভিনেত্রী।
সবচেয়ে মজার ঘটনা ছিল বাড়ি ফেরার পর। চাঁদনী জানান, সালমানের সঙ্গে হাত মেলানোর পর সাত দিন সেই হাত ধোননি তিনি। তাঁর ভাষায়, এটি ছিল কিশোর বয়সের আবেগ আর প্রিয় তারকার প্রতি অগাধ ভালোবাসার প্রকাশ। ছোটবেলায় নিজের ঘরসহ বাড়ির বিভিন্ন জায়গায় সালমানের ছবি টাঙিয়ে রাখতেন বলেও জানান তিনি।
১৯৮৯ সালে মুক্তি পাওয়া ‘ম্যায়নে পেয়ার কিয়া’ সিনেমায় সালমান খানের অভিনয় দেখেই তাঁর ভক্ত হয়ে ওঠেন চাঁদনী। সেই সময়ের তারকাপ্রীতি থেকে শুরু করে বহু বছর পরও প্রিয় অভিনেতার সঙ্গে দেখা হওয়ার স্মৃতি সব মিলিয়ে ঘটনাটি তাঁর জীবনের বিশেষ একটি অধ্যায় হয়ে আছে।



মন্তব্য
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
একটি মন্তব্য লিখুন