উচ্চমাধ্যমিক শেষ করে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সময় অনেক শিক্ষার্থীই ভবিষ্যৎ নিয়ে দ্বিধায় পড়ে যান। কোন বিষয়ে পড়বেন, কোন পেশায় যাবেন কিংবা নিজের আগ্রহকে কতটা গুরুত্ব দেবেন এসব প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে অনেক সময় পরিবার ও সমাজের প্রত্যাশার সঙ্গেও মানিয়ে চলতে হয়। ইসলামের দৃষ্টিতে ক্যারিয়ার নির্বাচন শুধু পেশা ঠিক করার বিষয় নয়; বরং নিজের যোগ্যতা, আগ্রহ, সামর্থ্য ও আল্লাহর ওপর ভরসার সমন্বয়ে একটি উপযুক্ত পথ বেছে নেওয়ার বিষয়।

১. সিদ্ধান্তের আগে ইস্তিখারা করা

জীবনের গুরুত্বপূর্ণ কোনো বিষয়ে সিদ্ধান্ত নিতে দ্বিধা হলে মুসলিমদের জন্য ইস্তিখারা একটি গুরুত্বপূর্ণ আমল। এর মাধ্যমে আল্লাহর কাছে কল্যাণকর পথ বেছে নেওয়ার জন্য সাহায্য চাওয়া হয়। মহানবী (সা.) সাহাবিদের গুরুত্বপূর্ণ বিষয়ে ইস্তিখারা করার শিক্ষা দিয়েছেন। (সহিহ বুখারি, হাদিস: ১১৬২)

ক্যারিয়ার বা উচ্চশিক্ষার বিষয় নির্বাচনের ক্ষেত্রেও একজন শিক্ষার্থী নিজের চেষ্টা ও চিন্তাভাবনার পাশাপাশি আল্লাহর কাছে কল্যাণ প্রার্থনা করতে পারেন। ইস্তিখারার অর্থ শুধু কোনো স্বপ্ন বা বিশেষ সংকেতের অপেক্ষা করা নয়; বরং আল্লাহর ওপর ভরসা রেখে বাস্তব পরিস্থিতি বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়াও এর অংশ।

২. নিজের স্বভাব ও আগ্রহকে গুরুত্ব দেওয়া

প্রত্যেক মানুষের দক্ষতা, আগ্রহ ও কাজের ধরন এক নয়। কেউ মানুষের সঙ্গে যোগাযোগ করে কাজ করতে স্বাচ্ছন্দ্যবোধ করেন, আবার কেউ গবেষণা, লেখালেখি কিংবা প্রযুক্তিনির্ভর কাজে বেশি আগ্রহী। ইসলাম মানুষের এই বৈচিত্র্যকে স্বীকার করে।

কোরআনে বলা হয়েছে, ‘প্রত্যেকেই নিজ নিজ স্বভাব-প্রকৃতি অনুসারে কাজ করে।’ (সুরা ইসরা, আয়াত: ৮৪)

তাই শুধু বন্ধু, আত্মীয় বা সমাজের পছন্দের কারণে কোনো বিষয় বেছে নেওয়ার পরিবর্তে নিজের আগ্রহ ও স্বাভাবিক প্রবণতা বোঝার চেষ্টা করা উচিত। যে বিষয়ে একজন শিক্ষার্থীর স্বাভাবিক আগ্রহ ও দক্ষতা রয়েছে, সেই ক্ষেত্রেই দীর্ঘমেয়াদে ভালো করার সুযোগ তৈরি হতে পারে।

৩. নিজের সামর্থ্য সম্পর্কে বাস্তব ধারণা রাখা

ক্যারিয়ার নির্বাচন করার সময় নিজের সক্ষমতা সম্পর্কে সৎ থাকা জরুরি। প্রত্যেকের মেধা ও দক্ষতার ক্ষেত্র আলাদা। কেউ গণিত ও বিশ্লেষণে ভালো, কেউ ভাষা ও যোগাযোগে দক্ষ, আবার কেউ বিজ্ঞান, সৃজনশীলতা বা ব্যবস্থাপনায় বেশি পারদর্শী।

কোরআনে বলা হয়েছে, ‘আল্লাহ কারও ওপর এমন কোনো দায়িত্ব চাপিয়ে দেন না, যা তার সাধ্যাতীত।’ (সুরা বাকারা, আয়াত: ২৮৬)

এ কারণে নিজের দুর্বলতা ও শক্তির জায়গাগুলো চিহ্নিত করে বিষয় নির্বাচন করা গুরুত্বপূর্ণ। শুধু সামাজিক মর্যাদা বা বেশি আয়ের সম্ভাবনার কথা চিন্তা করে নিজের সক্ষমতার সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ কোনো ক্ষেত্র বেছে নিলে পরে হতাশা তৈরি হতে পারে।

৪. অভিজ্ঞ ব্যক্তিদের সঙ্গে পরামর্শ করা

ইসলামে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে পরামর্শের বিশেষ গুরুত্ব রয়েছে। কোরআনে মুমিনদের বৈশিষ্ট্য হিসেবে বলা হয়েছে, তাদের কাজকর্ম পারস্পরিক পরামর্শের ভিত্তিতে পরিচালিত হয়। (সুরা শুরা, আয়াত: ৩৮)

তাই ক্যারিয়ার নিয়ে সিদ্ধান্ত নেওয়ার সময় অভিভাবক, শিক্ষক, সংশ্লিষ্ট বিষয়ের অভিজ্ঞ ব্যক্তি কিংবা পেশাজীবীদের সঙ্গে কথা বলা যেতে পারে। এতে একটি বিষয়ের সুযোগ, সীমাবদ্ধতা ও ভবিষ্যৎ সম্পর্কে বাস্তব ধারণা পাওয়া যায়।

তবে পরামর্শ নেওয়ার অর্থ অন্যের সিদ্ধান্ত নিজের ওপর চাপিয়ে নেওয়া নয়। বরং বিভিন্ন মতামত শোনার পর নিজের আগ্রহ, যোগ্যতা ও ভবিষ্যৎ পরিকল্পনার সঙ্গে মিলিয়ে সিদ্ধান্ত নেওয়াই বেশি যুক্তিসংগত।

৫. প্রয়োজনে সিদ্ধান্ত পরিবর্তনের মানসিকতা রাখা

অনেক শিক্ষার্থী মনে করেন, বিশ্ববিদ্যালয়ে একবার কোনো বিষয়ে ভর্তি হয়ে গেলে সেখান থেকে আর পরিবর্তনের সুযোগ নেই। ফলে ভুল বিষয় বেছে নিলেও তারা দীর্ঘদিন সেটির সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করেন। ইসলামি দৃষ্টিভঙ্গিতে জীবনের কোনো সিদ্ধান্ত নিয়ে পরবর্তী সময়ে নতুন বাস্তবতা বুঝতে পারলে সে অনুযায়ী পরিবর্তনের সুযোগ থাকা স্বাভাবিক।

রাসুল (সা.) বলেছেন, ‘যা তোমার জন্য কল্যাণকর, তা অর্জনে সচেষ্ট হও এবং আল্লাহর সাহায্য প্রার্থনা করো, কখনো হিম্মত হারিয়ো না।’ (সহিহ মুসলিম, হাদিস: ২৬৬৪)

তাই কোনো বিষয় নিজের আগ্রহ ও সামর্থ্যের সঙ্গে একেবারেই সামঞ্জস্যপূর্ণ না হলে প্রয়োজনীয় পরামর্শ নিয়ে পথ পরিবর্তনের কথা ভাবা যেতে পারে। বিষয় পরিবর্তন বা নতুনভাবে ক্যারিয়ার পরিকল্পনা করা মানেই ব্যর্থতা নয়।

সব মিলিয়ে ইসলাম ক্যারিয়ার নির্বাচনের ক্ষেত্রে একদিকে আল্লাহর ওপর ভরসা করতে শেখায়, অন্যদিকে বাস্তব জ্ঞান ও আত্মমূল্যায়নের গুরুত্বও তুলে ধরে। ইস্তিখারা, নিজের স্বভাব ও দক্ষতা বোঝা, সামর্থ্য যাচাই এবং অভিজ্ঞদের পরামর্শ এসব বিষয় বিবেচনায় রেখে সিদ্ধান্ত নিলে ভবিষ্যতের পথ বেছে নেওয়া আরও সচেতনভাবে সম্ভব।