কিয়ারা-সিদ্ধার্থের সংসারে আবারও আসছে নতুন অতিথি। বলিউডের জনপ্রিয় তারকা দম্পতি কিয়ারা আদভানি ও সিদ্ধার্থ মালহোত্রা দ্বিতীয়বার মা-বাবা হতে চলেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন একটি পোস্টের মাধ্যমে ভক্তদের সঙ্গে এই সুখবর ভাগ করে নিয়েছেন তারা।
ইনস্টাগ্রামে প্রকাশ করা বিশেষ একটি ছবিতে দেখা যায়, কিয়ারা ও সিদ্ধার্থের হাতের সঙ্গে রয়েছে তাদের মেয়ে সারায়াহর ছোট্ট হাত। তিনটি হাতের পাশে রাখা হয়েছে ক্রোশিয়ায় তৈরি একজোড়া ছোট্ট শিশুর মোজা। ছবিটিই যেন নতুন অতিথি আসার বার্তা স্পষ্ট করে দিয়েছে।
ছবির সঙ্গে কিয়ারা ও সিদ্ধার্থ লিখেছেন, আবারও জীবনের সবচেয়ে বড় উপহারে আশীর্বাদধন্য হওয়ার কথা। একইসঙ্গে ভালোবাসা ও কৃতজ্ঞতায় তাদের হৃদয় পরিপূর্ণ বলেও জানিয়েছেন এই তারকা দম্পতি।
সুখবর প্রকাশ্যে আসার পর থেকেই শুভেচ্ছায় ভাসছেন কিয়ারা-সিদ্ধার্থ। ভক্তদের পাশাপাশি বলিউডের অনেক তারকাও তাদের অভিনন্দন জানিয়েছেন। পরিণীতি চোপড়া, কারিনা কাপুর, রাকুল প্রীত সিং, করণ জোহর, আথিয়া শেঠি, ভূমি পেডনেকর ও মানীশ মালহোত্রাসহ অনেকে ভালোবাসা জানিয়েছেন তাদের।
২০২৩ সালের ফেব্রুয়ারিতে বিয়ের বন্ধনে আবদ্ধ হন কিয়ারা ও সিদ্ধার্থ। বিয়ের দুই বছরের মাথায় ২০২৫ সালের ২৮ ফেব্রুয়ারি প্রথমবার মা-বাবা হওয়ার খবর দিয়েছিলেন তারা। সেবারও ছোট্ট শিশুর মোজার ছবি প্রকাশ করে ভক্তদের চমকে দিয়েছিলেন এই জুটি।
এরপর ২০২৫ সালের জুলাইয়ে তাদের প্রথম সন্তান সারায়াহর জন্ম হয়। এবার সেই সংসারেই আরও এক নতুন সদস্য আসার অপেক্ষা। ফলে কিয়ারা ও সিদ্ধার্থের ভক্তদের মধ্যে নতুন করে শুরু হয়েছে আনন্দ ও শুভেচ্ছার জোয়ার।
কিয়ারা ও সিদ্ধার্থের প্রেমের গল্পের শুরু অবশ্য সিনেমার পর্দায়। ‘শেরশাহ’ সিনেমায় একসঙ্গে কাজ করতে গিয়ে তাদের মধ্যে সম্পর্ক তৈরি হয়। পর্দার রসায়ন ধীরে ধীরে বাস্তব জীবনের ভালোবাসায় রূপ নেয়।
২০২৩ সালে রাজস্থানের জয়সালমেরের সূর্যগড় প্যালেসে ঘরোয়া আয়োজনে বিয়ে করেন তারা। এরপর প্রথম সন্তান সারায়াহর আগমন এবং এবার দ্বিতীয় সন্তানের সুখবর তাদের পারিবারিক জীবনে যোগ করেছে নতুন আনন্দ। নতুন অতিথির অপেক্ষায় এখন কিয়ারা-সিদ্ধার্থের পরিবার ও অসংখ্য ভক্ত।


মন্তব্য
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
একটি মন্তব্য লিখুন