খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় হালদা নদীর উজানে অবৈধভাবে বাঁধ নির্মাণ করে মাছ ধরার চেষ্টা রুখে দিয়েছে মৎস্য বিভাগ। অভিযানে বাঁধটি ভেঙে ফেলা হয় এবং ব্যবহৃত ত্রিপাল জব্দ করা হয়েছে।
শুক্রবার দুপুরে উপজেলার দশবিল এলাকায় এই অভিযান পরিচালনা করেন মানিকছড়ি উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মাহমুদুল হাসান।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার গভীর রাতে কয়েকজন যুবক মাছ ধরার উদ্দেশ্যে নদীর একটি অংশে বাঁধ তৈরি করেন। বিষয়টি জানতে পেরে দ্রুত অভিযান চালায় উপজেলা মৎস্য অধিদপ্তর।
অভিযান শেষে মৎস্য কর্মকর্তা মাহমুদুল হাসান জানান, হালদা নদী দেশের একটি গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ। এর জীববৈচিত্র্য রক্ষা ও প্রাকৃতিক প্রজনন পরিবেশ বজায় রাখতে নিয়মিত নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে। তিনি আরও বলেন, বিদ্যমান মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ বিধিমালা, ১৯৮৫ এবং ২০২৫ সালের ৫ নভেম্বর জারিকৃত হালদা সংরক্ষণ গেজেট অনুযায়ী এসব অভিযান পরিচালিত হচ্ছে। পাশাপাশি স্থানীয়দের নদীতে কোনো ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি না করার আহ্বান জানানো হয়েছে।

হালদা নদীর প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় জেলা মৎস্য কর্মকর্তার নির্দেশনা এবং মানিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তার সহযোগিতায় এ অভিযান পরিচালিত হয়।
উল্লেখ্য, দক্ষিণ এশিয়ার একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হিসেবে পরিচিত হালদা নদীকে ‘মৎস্য হেরিটেজ’ ঘোষণা করে সরকার ২০২৫ সালের ৫ নভেম্বর প্রজ্ঞাপন জারি করে। এতে নদীর উজান অঞ্চলে বাঁধ নির্মাণ, নির্ধারিত সময়ের বাইরে মাছ ধরা এবং মাছের স্বাভাবিক চলাচলে বাধা সৃষ্টি করে এমন সব কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয়েছে।




























