ক্রিস্টিয়ানো রোনালদো ও তার দীর্ঘদিনের সঙ্গী জর্জিনা রদ্রিগুয়েজকে ঘিরে নতুন করে বিয়ের গুঞ্জন ছড়িয়ে পড়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম ও পর্তুগিজ সংবাদমাধ্যমে একটি কথিত নিমন্ত্রণপত্র ভাইরাল হওয়ার পর থেকেই আলোচনা তুঙ্গে। সেই কার্ডে দাবি করা হয়েছে, ১ আগস্ট একটি ব্যক্তিগত অনুষ্ঠানে বিবাহবন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন এই তারকা জুটি।
পর্তুগালের কয়েকটি স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির একটি ঐতিহাসিক সমুদ্রতীরবর্তী দুর্গে আয়োজন করা হয়েছে বিয়ের অনুষ্ঠান। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, অনুষ্ঠানটি অত্যন্ত সীমিত পরিসরে আয়োজনের পরিকল্পনা রয়েছে। অতিথি তালিকায় থাকছেন পরিবার, ঘনিষ্ঠ বন্ধু এবং বিশ্বের বেশ কয়েকজন পরিচিত তারকা।
ভাইরাল হওয়া নিমন্ত্রণপত্রে লেখা ছিল, ‘পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে ক্রিস্টিয়ানো রোনালদো ও জর্জিনা রদ্রিগুয়েজ তাদের বিয়ের অনুষ্ঠানে আপনাদের উপস্থিতি কামনা করছেন।’ সেখানে বিয়ের তারিখ হিসেবে ১ আগস্ট উল্লেখ করা হয়েছে। এই তথ্য প্রকাশ্যে আসার পর থেকেই রোনালদো ভক্তদের মধ্যে ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে।
গুঞ্জন আরও জোরালো হয়েছে অতিথি তালিকার কারণে। বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে, অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন কিলিয়ান এমবাপ্পে, ভিনিসিয়াস জুনিয়র, রদ্রিগো, প্যাট্রিক এভ্রা এবং রিও ফার্দিনান্দের মতো ফুটবল তারকারা। এছাড়া সংগীতশিল্পী রিহানা ও ব্রিটিশ সাংবাদিক পিয়ার্স মর্গানের নামও আলোচনায় এসেছে।
তবে নিমন্ত্রণপত্রটির সত্যতা নিয়ে ইতোমধ্যে প্রশ্ন উঠেছে। বিভিন্ন সংস্করণে অনুষ্ঠানের সময় নিয়ে অসঙ্গতি দেখা গেছে। কোথাও বিকেল ৫টার কথা বলা হয়েছে, আবার অন্য একটি সংস্করণে দুপুর ২টার সময় উল্লেখ রয়েছে। ফলে এটি আদৌ আসল নিমন্ত্রণপত্র কি না, তা নিয়ে সন্দেহ তৈরি হয়েছে।
ইউরোপের বেশ কয়েকটি প্রভাবশালী সংবাদমাধ্যম অবশ্য পুরো বিষয়টিকে নিছক গুঞ্জন বলেই মনে করছে। তাদের মতে, এখন পর্যন্ত রোনালদো বা জর্জিনার পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি। ফলে বিয়ের খবর নিশ্চিতভাবে সত্য বলে ধরে নেওয়ার সুযোগ নেই।
এর আগে এক সাক্ষাৎকারে রোনালদো জানিয়েছিলেন, ২০২৬ সালের বিশ্বকাপের পর বিয়ের পরিকল্পনা রয়েছে তার। সেই বক্তব্যের সঙ্গে বর্তমান গুঞ্জনের সময়সূচি মিলছে না বলেও অনেকে মনে করছেন। তাই ভাইরাল নিমন্ত্রণপত্রকে ঘিরে তৈরি হওয়া উত্তেজনার মধ্যেও সংশয় কাটছে না।
২০১৬ সাল থেকে একসঙ্গে রয়েছেন রোনালদো ও জর্জিনা। তখন রিয়াল মাদ্রিদে খেলতেন পর্তুগিজ মহাতারকা, আর মাদ্রিদের একটি গুচি স্টোরে কাজ করতেন জর্জিনা। সেখান থেকেই তাদের পরিচয় ও প্রেমের শুরু। বর্তমানে সন্তানদের নিয়ে স্পেনের মায়োর্কায় ছুটি কাটাচ্ছেন এই জনপ্রিয় তারকা দম্পতি।






















