অতল দিয়ে আন্তর্জাতিক চলচ্চিত্র অঙ্গনে আবারও বড় সাফল্য পেয়েছেন বাংলাদেশের স্বাধীন চলচ্চিত্র নির্মাতা যুবরাজ শামীম। তাঁর দ্বিতীয় পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘অতল’ বা ‘In Between Living’ রাশিয়ার ১৯তম ‘ইস্ট অ্যান্ড ওয়েস্ট: ক্ল্যাসিকস অ্যান্ড অ্যাভান্ট-গার্ড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’-এর মূল আন্তর্জাতিক প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত হয়েছে। মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পর রাশিয়ার আরেকটি গুরুত্বপূর্ণ আসরে জায়গা করে নেওয়ায় নতুন করে আলোচনায় এসেছে সিনেমাটি।
আগামী ২১ থেকে ২৭ আগস্ট রাশিয়ার ঐতিহাসিক শহর ওরেনবুর্গে বসবে উৎসবটির ১৯তম আসর। উৎসব কর্তৃপক্ষ জানিয়েছে, নির্বাচক কমিটির প্রশংসা পাওয়ার পর ‘অতল’কে মূল প্রতিযোগিতা বিভাগে রাখা হয়েছে। সিনেমাটির দুটি প্রদর্শনীর অনুমতি চাওয়া হয়েছে। প্রতিযোগিতার নিয়মিত প্রদর্শনীর পাশাপাশি পুরস্কার পেলে সমাপনী অনুষ্ঠানে বিজয়ী চলচ্চিত্র হিসেবেও এটি দেখানোর পরিকল্পনা রয়েছে।
উৎসবে চলচ্চিত্রটির অংশগ্রহণের পাশাপাশি যুবরাজ শামীম পেয়েছেন আরও একটি বিশেষ সুযোগ। তাঁকে দুটি মাস্টারক্লাস পরিচালনার জন্য আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছে কর্তৃপক্ষ। সেখানে চলচ্চিত্র শিক্ষার্থীদের সঙ্গে স্বাধীন সিনেমা নির্মাণ, সীমিত বাজেটে কাজ করার অভিজ্ঞতা এবং নিজের চলচ্চিত্রভাষা নিয়ে আলোচনা করবেন তিনি। নির্মাতার জন্য আন্তর্জাতিক পরিসরে নিজের কাজের দর্শন তুলে ধরার এই সুযোগকে বিশেষ অর্জন হিসেবেই দেখা হচ্ছে।
চলতি বছরের এপ্রিলে ৪৮তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘অতল’-এর ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়। উৎসবের ‘Apocalypse Now’ বিভাগে প্রদর্শিত হওয়ার পাশাপাশি সিনেমাটি NETPAC Award-এর জন্যও প্রতিযোগিতা করে। এবার ওরেনবুর্গের মূল প্রতিযোগিতায় নির্বাচনের মাধ্যমে ছবিটির আন্তর্জাতিক যাত্রায় যুক্ত হলো নতুন অধ্যায়। নির্মাতা যুবরাজ শামীম জানিয়েছেন, ‘অতল’ প্রচলিত ধারার সিনেমা নয়; দর্শক বা উৎসবকে প্রচলিত অর্থে সন্তুষ্ট করার লক্ষ্য নিয়েও এটি তৈরি করা হয়নি।
‘অতল’-এর নির্মাণ প্রক্রিয়াটিও ছিল প্রচলিত পদ্ধতির বাইরে। যুবরাজ শামীম ও সিনেমাটির সিনেমাটোগ্রাফার এবং প্রধান অভিনেতা নাঈম তুষার মিলে একটি ক্যামেরা নিয়ে স্কুটারে বিভিন্ন স্থানে ঘুরেছেন। নিজেদের অনুভূতির সঙ্গে মিল তৈরি করে এমন জায়গা খুঁজে সেখানে সেই অনুভূতিকে দৃশ্যের মাধ্যমে প্রকাশের চেষ্টা করেছেন তাঁরা। এ কারণেই যুবরাজ সিনেমাটিকে একটি ‘ভিজ্যুয়াল পেইন্টিং’ হিসেবে দেখতে স্বাচ্ছন্দ্যবোধ করেন। তাঁর কাছে বাজেট, তারকা বা বড় আয়োজনের চেয়ে চলচ্চিত্র নির্মাণের শিল্পপ্রক্রিয়াই বেশি গুরুত্বপূর্ণ।
এর আগে যুবরাজ শামীমের প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আদিম’ ২০২২ সালে ৪৪তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতায় অংশ নিয়ে স্পেশাল জুরি অ্যাওয়ার্ড ও নেটপ্যাক জুরি অ্যাওয়ার্ড অর্জন করে। ‘অতল’ নির্মিত হয়েছে দরবার শরীফের ব্যানারে। এর চিত্রনাট্য, পরিচালনা, প্রযোজনা ও সম্পাদনার দায়িত্বে ছিলেন যুবরাজ শামীম। সিনেমাটোগ্রাফি ও প্রধান চরিত্রে নাঈম তুষার, শব্দগ্রহণে রিপন নাথ, কালারে আব্দুল্লাহ রাকিব এবং পোস্টার ডিজাইনে মেঘদল ব্যান্ডের শিবু কুমার শীল কাজ করেছেন। উৎসবে যোগ দিতে ১৯ আগস্ট রাশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়বেন যুবরাজ।























