পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আজ বুধবার সারাদেশে যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে বিভিন্ন কর্মসূচি পালিত হচ্ছে। বিশ্বনবী হজরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও ওফাতের এই অবিস্মরণীয় দিনটি ধর্মপ্রাণ মুসলমানরা অত্যন্ত আবেগ ও ভক্তির সঙ্গে স্মরণ করছেন।
আরবের মক্কা নগরীর বিখ্যাত কুরাইশ বংশে জন্ম নেওয়া মহানবী (সা.) মানবজাতির জন্য সত্য ও হেদায়েতের আলো নিয়ে এসেছিলেন। দিনটি উপলক্ষে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে এবং সরকারি-বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে পৃথক বাণীতে দেশবাসীকে মোবারকবাদ জানিয়েছেন দেশের শীর্ষ নেতৃবৃন্দ। মহানবীর আদর্শে উদ্বুদ্ধ হয়ে হিংসা-বিদ্বেষ পরিহার করে একটি সাম্য ও ইনসাফভিত্তিক সমাজ গড়ার আহ্বান জানান তারা।
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে জাতীয় পতাকা ও কালিমা তা্য়্যিবা খচিত ব্যানার টাঙানো হয়েছে।
ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পক্ষকালব্যাপী ওয়াজ মাহফিল, সিরাত প্রদর্শনী ও মাসব্যাপী ইসলামী বইমেলার আয়োজন করা হয়েছে। এই বিশেষ অনুষ্ঠানে প্রখ্যাত আলেম-ওলামাগণ নিয়মিত ওয়াজ পেশ করবেন।
ধর্মপ্রাণ মুসলমানরা সারাদিন নফল ইবাদত, কুরআন তিলওয়াত ও দরুদ পাঠের মাধ্যমে মহান আল্লাহ ও তাঁর রাসুলের সন্তুষ্টি অর্জনে নিমগ্ন থাকবেন। পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) বয়ে আনুক গোটা মানবজাতির জন্য অনাবিল শান্তি ও কল্যাণ।


























