বিমানমন্ত্রীর বার্তা, জনগণের জন্য কাজ করতেই হবে সরকারি কর্মকর্তাদের। দায়িত্ব পালনে গাফিলতি বা জনসেবায় অনীহা দেখা গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।
সোমবার (৩১ আগস্ট) ময়মনসিংহে আইনশৃঙ্খলা, সুশাসন, মাদক নিয়ন্ত্রণ, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিয়ে আয়োজিত সমন্বয় সভায় তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, দেশের উন্নয়নে আগামী পাঁচ বছর গুরুত্বপূর্ণ। তাই সরকারি কর্মকর্তাদের দায়িত্বের গণ্ডির বাইরে গিয়েও আন্তরিকভাবে কাজ করতে হবে।
সরকারি কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, কাজ করার সুযোগ এখন সবার সামনে। অতীতের বিষয় পেছনে ফেলে দেশের মানুষ ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য কাজ করতে হবে। যারা দায়িত্ব পালন করতে চান না, তাদের স্বেচ্ছায় সরে যাওয়ার কথাও বলেন তিনি।
সভায় দেশের বিদ্যুৎ ও গ্যাস সংকট, বিমান কেনা এবং জননিরাপত্তাসহ বিভিন্ন বিষয় উঠে আসে। মন্ত্রী জানান, দেশের প্রয়োজন বিবেচনায় বিমান কেনার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি জনশৃঙ্খলা নষ্টকারীদের বিরুদ্ধে আইন কঠোরভাবে প্রয়োগের পরামর্শ দেন তিনি।
সমন্বয় সভায় ময়মনসিংহ অঞ্চলে মাদকের বিস্তার নিয়েও উদ্বেগ প্রকাশ করেন জনপ্রতিনিধিরা। ঈশ্বরগঞ্জ ও মুক্তাগাছায় মাদক নিয়ন্ত্রণে প্রশাসনের কার্যকর সহযোগিতা চাওয়া হয়। একই সঙ্গে বাল্যবিবাহ বন্ধ, আইনশৃঙ্খলা উন্নয়ন এবং জনসেবার মান বাড়ানোর বিষয়েও আলোচনা হয়।
সভায় জেলা প্রশাসক মো. সাইফুর রহমান, বিভিন্ন সংসদ সদস্য, সিটি প্রশাসক মো. রুকুনোজ্জামান সরকার, পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসানসহ প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আলোচনায় জনগণের কল্যাণে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্ব দেওয়া হয়।


























