আন্তর্জাতিক ক্রিকেটে ২৩ হাজার রানের মাইলফলক স্পর্শ করে নতুন ইতিহাস গড়েছেন ইংল্যান্ডের ব্যাটার জো রুট। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডেতে মাত্র ৩ রান করে এই কীর্তি অর্জন করেন তিনি। একই সঙ্গে দ্রুততম ২৩ হাজার আন্তর্জাতিক রান পূর্ণ করার তালিকায় ভারতের কিংবদন্তি শচিন টেন্ডুলকারকে পেছনে ফেলেছেন ইংলিশ তারকা।
মঙ্গলবার ডারহামে অনুষ্ঠিত ম্যাচে কবজির দারুণ ফ্লিকে বাউন্ডারি হাঁকিয়ে মাইলফলকে পৌঁছান ৩৫ বছর বয়সী রুট। ২৩ হাজার রান পূর্ণ করতে তিনি খেলেছেন ৫২১ ইনিংস। অন্যদিকে শচিন টেন্ডুলকার এই রান করতে নিয়েছিলেন ৫২২ ইনিংস। তবে এই তালিকায় সবার ওপরে রয়েছেন ভারতের বিরাট কোহলি, যিনি ৪৯০ ইনিংসেই ২৩ হাজার রান পূর্ণ করেছিলেন।
আন্তর্জাতিক ক্রিকেটে ২৩ হাজার রান করা বিশ্বের অষ্টম ব্যাটার হয়েছেন জো রুট। ইংল্যান্ডের প্রথম ক্রিকেটার হিসেবে তিনি এই তালিকায় জায়গা করে নিয়েছেন। তার আগে এই মাইলফলক স্পর্শ করেছেন শচিন টেন্ডুলকার, বিরাট কোহলি, রাহুল দ্রাবিড়, কুমার সাঙ্গাকারা, মাহেলা জয়াবর্ধনে, রিকি পন্টিং ও জ্যাক ক্যালিস।
শচিনের রেকর্ড ভাঙার ক্ষেত্রে রুটের জন্য এটি অবশ্য নতুন ঘটনা নয়। টেস্ট ক্রিকেটে এরই মধ্যে ভারতীয় কিংবদন্তির বেশ কয়েকটি রেকর্ড নিজের করে নিয়েছেন ইংলিশ ব্যাটার। সম্প্রতি টেস্টে সবচেয়ে বেশি হাফ সেঞ্চুরির রেকর্ডও দখলে নিয়েছেন তিনি।
এখন রুটের সামনে বড় লক্ষ্য টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ রানের রেকর্ড। শচিনের ১৫ হাজার ৯২১ রানের রেকর্ড ছাড়িয়ে যেতে রুটের প্রয়োজন আরও ১ হাজার ৬৪৩ রান। বর্তমানে টেস্টে তার সংগ্রহ ১৪ হাজার ২৭৮ রান। বয়স বাড়লেও ধারাবাহিক পারফরম্যান্সের মাধ্যমে রেকর্ডের দৌড়ে এগিয়ে চলেছেন তিনি।
টেস্টের পাশাপাশি ওয়ানডেতেও রুটের পরিসংখ্যান উল্লেখযোগ্য। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের আগে এই ফরম্যাটে তার রান ছিল ৭ হাজার ৮২৬ এবং ব্যাটিং গড় ৫১-এর বেশি। ইংল্যান্ডের হয়ে ওয়ানডেতে সর্বোচ্চ রানের মালিকও তিনি। এই ফরম্যাটে রুটের সেঞ্চুরি রয়েছে ২০টি।
আন্তর্জাতিক ক্রিকেটে ২৩ হাজার রানের মাইলফলক রুটের দীর্ঘ ক্যারিয়ারে আরও একটি বড় অর্জন। শচিনের রেকর্ডের কাছাকাছি পৌঁছানোর পাশাপাশি ইংল্যান্ডের ব্যাটিং ইতিহাসেও নিজের অবস্থান আরও শক্ত করেছেন এই তারকা ব্যাটার।



























