তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে সরকারের অবস্থান অত্যন্ত স্পষ্ট এবং দৃঢ় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেছেন, বাংলাদেশ একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে নিজস্ব স্বার্থ এবং জনগণের প্রয়োজন বিবেচনায় তিস্তা প্রকল্প বাস্তবায়ন করবে। এ বিষয়ে অন্য কোনো দেশের ‘কনসার্ন’ থাকার সুযোগ নেই।
মঙ্গলবার সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। ব্রিফিংয়ে সরকারের চলমান বিভিন্ন কার্যক্রম এবং উন্নয়ন প্রকল্পের অগ্রগতি তুলে ধরা হয়।
তথ্য উপদেষ্টা বলেন, তিস্তা নদী ঘিরে উত্তরাঞ্চলের মানুষের দুর্ভোগ দীর্ঘদিনের। বর্ষা মৌসুমে ভয়াবহ নদীভাঙন এবং শুষ্ক মৌসুমে পানির তীব্র সংকট স্থানীয় মানুষের জীবন ও জীবিকায় বড় প্রভাব ফেলে। এই বাস্তবতা বিবেচনায় তিস্তা মহাপরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
তিনি জানান, প্রকল্পটির মূল লক্ষ্য হচ্ছে নদী শাসন, ড্রেজিং, পানি সংরক্ষণ এবং নদীভাঙন প্রতিরোধ। এসব কাজ বাস্তবায়নে প্রয়োজনীয় প্রযুক্তিগত দক্ষতা এবং অর্থায়নের সক্ষমতা রয়েছে চীনের। এ কারণে প্রকল্প বাস্তবায়নে চীনের সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
প্রকল্পটি নিয়ে ভূ-রাজনৈতিক কোনো চাপ বা চ্যালেঞ্জ রয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে ডা. জাহেদ উর রহমান বলেন, বাংলাদেশ তার সার্বভৌমত্ব এবং জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সিদ্ধান্ত গ্রহণ করবে। কোনো দেশের নিরাপত্তা বা কৌশলগত উদ্বেগ থাকলে তা বিবেচনায় নেওয়া হবে, তবে দেশের উন্নয়ন ও স্বার্থের প্রশ্নে কোনো আপস করা হবে না।
তিনি আরও বলেন, তিস্তা প্রকল্প বাস্তবায়নের অর্থ এই নয় যে বাংলাদেশ অভিন্ন নদীগুলোর পানির ন্যায্য হিস্যা আদায়ের দাবি থেকে সরে আসছে। বরং তিস্তা ও গঙ্গাসহ ৫৩টি অভিন্ন নদীর পানির ন্যায্য বণ্টনের বিষয়ে কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত থাকবে।
তথ্য উপদেষ্টা বিগত সরকারের সমালোচনা করে বলেন, অতীতে জাতীয় স্বার্থের চেয়ে বিদেশি সম্পর্ককে বেশি গুরুত্ব দেওয়া হয়েছিল। বর্তমান সরকার সেই অবস্থান থেকে সরে এসে পারস্পরিক সম্মান ও রাষ্ট্রীয় স্বার্থের ভিত্তিতে আন্তর্জাতিক সম্পর্ক পরিচালনা করছে।
তিনি আশা প্রকাশ করেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়িত হলে উত্তরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ কমবে এবং নদীকেন্দ্রিক অর্থনীতি ও কৃষি খাতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।



























