পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলায় কলেজে পরীক্ষা দিতে গিয়ে নাসরিন নাহার বেগম (১৮) নামে এক গৃহবধূ নিখোঁজ হয়েছেন। নিখোঁজের চার দিন পেরিয়ে গেলেও এখনো তার সন্ধান পাওয়া যায়নি।
নাসরিন উপজেলার উত্তর ভিটাবাড়িয়া গ্রামের মৃত আবদুস সত্তার বেপারীর পুত্রবধূ। তিনি ওই এলাকার সজল আমীনের স্ত্রী এবং আমান উল্লাহ কলেজের শিক্ষার্থী।
পরিবারের সদস্যদের বরাত দিয়ে জানা গেছে, গত ৯ আগস্ট শ্বশুরবাড়ি থেকে এইচএসসি (বিএম শাখা) পরীক্ষায় অংশ নিতে আমান উল্লাহ কলেজের পরীক্ষা কেন্দ্রে যাওয়ার জন্য বের হন নাসরিন। তবে তিনি পরীক্ষা কেন্দ্রে পৌঁছাননি। এরপর থেকেই তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।
ঘটনার দিনই নাসরিনের শাশুড়ি মনোয়ারা বেগম ভাণ্ডারিয়া থানায় একটি সাধারণ ডায়েরি করেন। জিডির নম্বর ৩৮০।
পরিবার সূত্রে আরও জানা যায়, ২০২৫ সালের ২ মে সজল আমীনের সঙ্গে নাসরিনের বিয়ে হয়। বিয়ের পরও তিনি পড়াশোনা চালিয়ে যাচ্ছিলেন।
নাসরিন নিখোঁজ হওয়ার পর পরিবারের সদস্যরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করলেও তার সন্ধান না পাওয়ায় উদ্বেগের মধ্যে রয়েছেন।
ভাণ্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান বলেন, নিখোঁজ গৃহবধূর পরিবারের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। তাকে উদ্ধারে পুলিশ অনুসন্ধান চালাচ্ছে।
নাসরিনের সন্ধান পেলে বা এ বিষয়ে কোনো তথ্য জানা থাকলে তা আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর অনুরোধ করেছে পরিবার।


























