চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি: মো. নুরুল আলম
চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসনের সংসদ সদস্য আলহাজ্ব জসীম উদ্দীন আহমেদের নির্দেশে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশ অংশে অবৈধ দখল উচ্ছেদে মাঠে নেমেছে প্রশাসন।

তার নির্দেশনার পরিপ্রেক্ষিতে দ্বিতীয় বারের মতো চন্দনাইশ উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত গাছবাড়িয়া পুরাতন কলেজ গেইট ও গাছবাড়িয়া নিত্যানন্দ গৌরচন্দ্র মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের স্কুল মার্কেট এলাকায় অভিযান চালিয়ে মহাসড়কের পাশে ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করে। এর আগেও ৭ অক্টোবর অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছিল।
অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ঝন্টু বিকাশ চাকমা। এ সময় চন্দনাইশ পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, চন্দনাইশ থানা পুলিশ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে মহাসড়কের পাশ দখল করে অবৈধ স্থাপনা গড়ে তোলায় যানজট ও দুর্ঘটনা বাড়ছিল। এমপি জসীম উদ্দীন আহমেদের হস্তক্ষেপে এই অভিযান পরিচালিত হওয়ায় এলাকাবাসীর মাঝে স্বস্তি ফিরেছে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ঝন্টু বিকাশ চাকমা বলেন, "সংসদ সদস্য আলহাজ্ব জসীম উদ্দীন আহমেদের নির্দেশনা অনুযায়ী মহাসড়ক দখলমুক্ত করতে দ্বিতীয় বারের মতো এই অভিযান পরিচালনা করা হয়েছে। মহাসড়কের জায়গা অবৈধভাবে দখল করে আসছিল কতিপয় অসাধু ব্যবসায়ীর একটি চক্র। অভিযান চালিয়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।



মন্তব্য
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
একটি মন্তব্য লিখুন