চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি: মো. নুরুল আলম
চট্টগ্রামের চন্দনাইশে পুকুরে ডুবে মোহাম্মদ আরাফ নামে সাড়ে ৫ বছর বয়সী শিশু ও মোহাম্মদ রিহান নামে সাড়ে ৬ বছর বয়সী আরেক শিশু মৃত্যু হয়েছে। সম্পর্কে তারা মামাতো ফুফাতো ভাই। নিহত মোহাম্মদ রিহান বান্দরবান থেকে নানার বাড়িতে বেড়াতে এসেছে।
রবিবার (২২ আগস্ট) বিকাল সাড়ে ৩টার দিকে চন্দনাইশ উপজেলার বরকল ইউনিয়নের ৪নং ওয়ার্ড কানাইমাদারী ঘাটকুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোহাম্মদ আরাফ চন্দনাইশ উপজেলার বরকল ইউনিয়নের কানাইমাদারী ঘাটকুল এলাকার প্রবাসী মনছুর আলীর ছেলে ও নিহত মোহাম্মদ রিহান বান্দরবান জেলার প্রবাসী আজাদ হোসেনের ছেলে।
নিহতের স্বজনরা জানায়, আজ রবিবার বিকেল সাড়ে ৩টার দিকে বাড়ির পাশে খেলছিল। সবার অজান্তে তারা বাড়ির পাশে একটি পুকুরে পড়ে যায়। পরে অনেক খোঁজাখুঁজির পর বিকেল ৪টার দিকে পুকুর থেকে শিশু দুইটিকে উদ্ধার করে স্থানীয়রা ও স্বজনরা তাদেরকে চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. দীপক দেবনাথ বিষয়টি নিশ্চিত করে জানান, হাসপাতালে আনার আগে শিশুটি মারা যায়।
স্থানীয় ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য আবদুল মুবিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
মোহাম্মদ আরাফ ও মোহাম্মদ রিহানের অকাল মৃত্যুতে পুরো গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। পরিবার ও এলাকাবাসী এই মর্মান্তিক ঘটনার কারণে গভীর শোকাভিভূত।



























