চন্দনাইশ প্রতিনিধিঃ মো. নুরুল আলম
দক্ষিণ চট্টগ্রামের চন্দনাইশের বৃহত্তর দোহাজারীকে পূর্ণাঙ্গ উপজেলা ঘোষণার দাবিতে মানববন্ধন ও চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শত শত স্থানীয় জনসাধারণ।
শনিবার (১০ অক্টোবর) বিকেলে বৃহত্তর দোহাজারীর সর্বস্তরের জনসাধারণের ব্যানারে এই কর্মসূচি পালিত হয়। মানববন্ধন শেষে মহাসড়ক অবরোধ করায় দুই পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয় এবং যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন।
মানববন্ধনে শিক্ষক, শিক্ষার্থী, ব্যবসায়ী, পেশাজীবী, সামাজিক সংগঠনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও শত শত সাধারণ মানুষ ব্যানার-ফেস্টুন নিয়ে অংশ নেন।
এ সময় বক্তারা বলেন, ভৌগোলিক অবস্থান, জনসংখ্যা ও বাণিজ্যিক গুরুত্বের দিক থেকে দোহাজারী অনেক আগেই উপজেলা হওয়ার যোগ্যতা অর্জন করেছে। কিন্তু প্রশাসনিক জটিলতা ও দীর্ঘদিনের অবহেলায় অঞ্চলটি উন্নয়ন থেকে বঞ্চিত হচ্ছে। অবিলম্বে উপজেলা ঘোষণা না করা হলে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ও দোহাজারী-কক্সবাজার রেলপথ সম্পূর্ণ স্তব্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দেন তারা।

মানববন্ধন থেকে আন্দোলনকারীরা ধারাবাহিক কর্মসূচি ঘোষণা করেন। কর্মসূচির মধ্যে রয়েছে মশাল মিছিল, বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি, কালো পতাকা মিছিল, সড়ক ও রেলপথ ব্লকেড এবং আমরণ অনশন।
আয়োজকরা জানান, নিকার (NICAR) অনুমোদিত ‘দোহাজারী সাঙ্গু উপজেলা’ বাস্তবায়ন না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বেন না তারা।
উল্লেখ্য, ২০১৮ সালে জেলা প্রশাসকের গণশুনানি ও তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে ‘দোহাজারী সাঙ্গু’ নামে নতুন থানা গঠনের সিদ্ধান্ত গৃহীত হলেও আজও তা বাস্তবায়ন হয়নি। সম্প্রতি গত ১০ সেপ্টেম্বর স্থানীয় সরকার বিভাগের এক চিঠিতে দোহাজারী পৌরসভা ও ধোপাছড়ি ইউনিয়নকে বাদ দিয়ে শুধু সাতকানিয়ার ৬টি ইউনিয়ন নিয়ে উপজেলা গঠনের প্রস্তাবে বিভাগীয় কমিশনারের মতামত চাওয়া হয়। এতে ক্ষুব্ধ দোহাজারীবাসী। তাদের অভিযোগ, এটি জনপ্রশাসন মন্ত্রণালয়ের পূর্ব সম্মতি ও নীতিগত সিদ্ধান্তের পরিপন্থী এবং চরম বৈষম্যমূলক।



মন্তব্য
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
একটি মন্তব্য লিখুন