আফগানিস্তানের বিপক্ষে আবুধাবি টেস্টে বাংলাদেশের জয় না এলেও ব্যক্তিগত অর্জনে উজ্জ্বল ছিলেন পেসার হাসান মাহমুদ। টেস্ট ক্রিকেটে বাংলাদেশের প্রথম পেসার হিসেবে হ্যাটট্রিক করে ইতিহাস গড়েছেন তিনি। এবার সেই দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি মিলেছে আইসিসির র্যাঙ্কিংয়েও। ক্যারিয়ারসেরা অবস্থানে ফিরেছেন বাংলাদেশের এই পেসার।
বুধবার প্রকাশিত আইসিসির সাপ্তাহিক টেস্ট র্যাঙ্কিংয়ে সাত ধাপ এগিয়ে বোলারদের তালিকায় ৩৮তম স্থানে উঠেছেন হাসান। এর আগে গত আগস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুর্দান্ত বোলিং করে প্রথমবার এই অবস্থানে পৌঁছেছিলেন তিনি।
আফগানিস্তানের বিপক্ষে প্রথম ইনিংসে হ্যাটট্রিকসহ পাঁচ উইকেট শিকার করেন হাসান। দ্বিতীয় ইনিংসেও একটি উইকেট পান তিনি। একই ম্যাচে দুই ইনিংস মিলিয়ে সাত উইকেট নেওয়া ইবাদত হোসেনের উন্নতিও হয়েছে উল্লেখযোগ্য। ১১ ধাপ এগিয়ে তাঁর অবস্থান এখন ৬৭তম।
চার উইকেট নিয়ে এক ধাপ এগিয়ে ২২তম স্থানে উঠেছেন মেহেদী হাসান মিরাজ। বাংলাদেশের বোলারদের মধ্যে তাঁর ওপরে রয়েছেন শুধু তাইজুল ইসলাম। তিন ধাপ পিছিয়ে তাইজুলের বর্তমান অবস্থান ১৮তম। টেস্ট বোলারদের তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছেন অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক। দ্বিতীয় স্থানে থাকা নিউজিল্যান্ডের ম্যাট হেনরির সঙ্গে তাঁর রেটিং পয়েন্টের ব্যবধান মাত্র চার।
ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়েও উন্নতি হয়েছে বাংলাদেশের উইকেটকিপার ব্যাটসম্যান লিটন দাসের। আফগানিস্তানের বিপক্ষে দুই ইনিংসে ৫৩ ও ১০২ রান করে তিন ধাপ এগিয়েছেন তিনি। বর্তমানে ভারতের লোকেশ রাহুলের সঙ্গে যৌথভাবে ২৯তম স্থানে রয়েছেন লিটন। প্রথম ইনিংসে অর্ধশতক করা তানজিদ হাসান ১০ ধাপ এগিয়ে উঠে এসেছেন ৯২তম স্থানে।
অন্যদিকে এক ধাপ করে পিছিয়েছেন মুশফিকুর রহিম ও নাজমুল হোসেন শান্ত। মুশফিকের অবস্থান এখন ১৮তম, আর শান্ত রয়েছেন ২১তম স্থানে। র্যাঙ্কিংয়ে পিছিয়ে পড়লেও বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে সবার ওপরে রয়েছেন মুশফিকই।
আফগানিস্তানের ব্যাটসম্যানদের মধ্যে উল্লেখযোগ্য উন্নতি করেছেন রহমত শাহ। প্রথম ইনিংসে শতক ও দ্বিতীয় ইনিংসে অর্ধশতক করে ১৩ ধাপ এগিয়ে ১৩তম স্থানে উঠেছেন তিনি। দ্বিতীয় ইনিংসে শতক করা সেদিকউল্লাহ অতল এগিয়েছেন ৪১ ধাপ। তাঁর বর্তমান অবস্থান ৯১তম। ব্যাটসম্যানদের তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছেন ইংল্যান্ডের হ্যারি ব্রুক। দ্বিতীয় স্থানে রয়েছেন অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথ।
অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে অবশ্য কোনো পরিবর্তন হয়নি মেহেদী হাসান মিরাজের। দক্ষিণ আফ্রিকার মার্কো ইয়ানসেন ও ভারতের রবীন্দ্র জাদেজার পর তৃতীয় স্থানেই রয়েছেন বাংলাদেশের এই অলরাউন্ডার।



মন্তব্য
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
একটি মন্তব্য লিখুন