ইমরান হাশমিকে ঘিরে শুটিং সেটে বড় বিপদের খবর সামনে এসেছে। নতুন ছবি ‘গানমাস্টার জি৯’-এর একটি অ্যাকশন দৃশ্যের শুটিংয়ের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যায়, ক্রেনের সাহায্যে ওপরে ঝুলিয়ে রাখা একটি গাড়ি হঠাৎ নিচে পড়ে কালো একটি ভ্যানের ছাদে আছড়ে পড়ছে। আর সেই ভ্যানের কাছেই ছিলেন অভিনেতা। ফলে অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়ার বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে।

ভাইরাল ভিডিওতে গাড়িটি নিচে পড়ে যাওয়ার দৃশ্য দেখা গেলেও ঘটনাটি ঠিক কীভাবে ঘটেছে, তা এখনো স্পষ্ট নয়। দৃশ্যটি পরিকল্পনা অনুযায়ী ধারণ করা হয়েছিল, নাকি শুটিংয়ের সময় কোনো যান্ত্রিক সমস্যা দেখা দিয়েছিল, সে বিষয়ে নির্মাতাদের পক্ষ থেকে আনুষ্ঠানিক ব্যাখ্যা পাওয়া যায়নি। ঘটনাস্থল কোথায় ছিল, তা-ও নিশ্চিতভাবে জানা যায়নি। এখন পর্যন্ত কেউ আহত হয়েছেন কি না, সে বিষয়ে নিশ্চিত তথ্যও সামনে আসেনি।

এর আগে ‘গানমাস্টার জি৯’-এর শুটিং ঘিরে বিতর্ক তৈরি হয়েছিল হরিদ্বারে। গত জুনে সেখানে শুটিং চলাকালে একটি সাইনবোর্ড নিয়ে স্থানীয় বাসিন্দাদের একাংশ আপত্তি জানান। বোর্ডে ‘বার অ্যান্ড ক্যাফে’ লেখা থাকায় কেউ কেউ ভুল করে ধারণা করেছিলেন, ধর্মীয় স্থানে পানশালা খোলা হচ্ছে। এ নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়লে শুটিং বন্ধ হওয়ার পরিস্থিতিও তৈরি হয়।

পরে ছবির প্রযোজক দীপক মুকুট বিষয়টি ব্যাখ্যা করেন। তিনি জানান, কারও ধর্মীয় অনুভূতিতে আঘাত করার কোনো উদ্দেশ্য তাঁদের ছিল না। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে আলোচনা করেই সমস্যার সমাধান করা হয় বলে জানান তিনি। হরিদ্বারে পানশালা খোলার কোনো পরিকল্পনা তাঁদের ছিল না বলেও স্পষ্ট করেন প্রযোজক।

আদিত্য দত্ত পরিচালিত ‘গানমাস্টার জি৯’ ছবিতে ইমরান হাশমির সঙ্গে অভিনয় করছেন জেনেলিয়া দেশমুখ, অপারশক্তি খুরানা ও অভিষেক সিংহ। অ্যাকশন ও প্রেমের মিশেলে তৈরি ছবিটি আগামী ২৭ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে। শুটিংয়ের বিপজ্জনক দৃশ্যের ভিডিও ছড়িয়ে পড়ায় ছবিটি নিয়ে দর্শকদের আগ্রহ আরও বেড়েছে।