চন্দনাইশ প্রতিনিধিঃ মো. নুরুল আলম
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নের পূর্ব সাতবাড়িয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের পশ্চিম পাশে ধনার পাড়া কাশেম মাস্টার বাড়ি এলাকা থেকে একটি মেছো বিড়াল উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার ( ৮ অক্টোবর) স্থানীয়রা মেছো বিড়ালটি দেখতে পেয়ে উপজেলা প্রশাসন ও বন বিভাগকে খবর দেন।

চন্দনাইশ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আবদুর রহমানের সার্বিক নির্দেশনায় চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের সহকারী বন সংরক্ষক মো. দেলোয়ার হোসেন এবং বরগুনি বিটের বিট কর্মকর্তা মো. রহমত আলীর সমন্বয়ে ডুলাহাজারা সাফারি পার্ক, কক্সবাজারের একটি দল মেছো বিড়ালটিকে ট্রাংকুলাইজ করে অচেতন করে অক্ষত অবস্থায় উদ্ধার করে সাফারি পার্কে নিয়ে যায়।
এ বিষয়ে বরগুনি বিট কর্মকর্তা মো. রহমত আলী বলেন, মেছো বিড়ালটি নিরাপদে উদ্ধারের জন্য ট্রাংকুলাইজ করা হয়েছে। স্বাস্থ্য পরীক্ষা শেষে কক্সবাজার ডুলাহাজারা সাফারি পার্কে এটি অবমুক্ত করা হবে।
তিনি আরও বলেন, মেছো বিড়াল বাংলাদেশের বন্যপ্রাণীর একটি গুরুত্বপূর্ণ প্রজাতি। কোনো এলাকায় মেছো বাঘ বা এর বাচ্চা দেখা গেলে ধরাধরি করা, ভয় দেখানো বা অন্যত্র নিয়ে যাওয়া উচিত নয়। এ ক্ষেত্রে স্থানীয় বন বিভাগকে খবর দেওয়াই সবচেয়ে নিরাপদ পদ্ধতি।



মন্তব্য
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
একটি মন্তব্য লিখুন