মিষ্টি খেতে ভালোবাসেন, কিন্তু ঘরে সহজে তৈরি করা যায় এমন কোনো রেসিপি খুঁজছেন? তাহলে বানিয়ে নিতে পারেন নারকেলের সন্দেশ। নারকেল কোরা, আখের গুড় অথবা চিনি আর সামান্য এলাচ দিয়ে অল্প উপকরণেই তৈরি করা যায় এই সুস্বাদু মিষ্টি। বিকেলের নাশতা কিংবা অতিথি আপ্যায়নেও রাখতে পারেন ঘরে তৈরি নারকেলের সন্দেশ।

প্রয়োজনীয় উপকরণ

  • নারকেল কোরা - ২ কাপ

  • আখের গুড় অথবা চিনি - ৩/৪ কাপ

  • এলাচগুঁড়া - ১/৪ চা-চামচ

যেভাবে তৈরি করবেন

প্রথমে একটি কড়াইয়ে নারকেল কোরা ও আখের গুড় নিন। গুড়ের পরিবর্তে চিনি ব্যবহার করেও সন্দেশ তৈরি করতে পারবেন। এবার মাঝারি আঁচে উপকরণগুলো ভালোভাবে নেড়ে মিশিয়ে নিন, যাতে নারকেলের সঙ্গে গুড় বা চিনি সমানভাবে মিশে যায়।

এরপর মিশ্রণটি ক্রমাগত নেড়ে জ্বাল দিতে থাকুন। ধীরে ধীরে নারকেল থেকে আর্দ্রতা বের হবে এবং মিশ্রণটি ঘন হয়ে আসবে। কড়াইয়ের তলা যেন লেগে না যায়, সেদিকে খেয়াল রাখুন। মিশ্রণটি যখন কিছুটা জমাট বাঁধতে শুরু করবে, তখন বুঝবেন পাক তৈরি হচ্ছে।

পাক হয়ে এলে এতে এলাচগুঁড়া দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। এলাচের সুগন্ধ সন্দেশের স্বাদ আরও বাড়িয়ে দেবে। এরপর চুলা বন্ধ করে মিশ্রণটি কিছুটা ঠান্ডা হতে দিন।

এবার মিশ্রণটি পাটায় ভালোভাবে বেটে নিন, যাতে সন্দেশের মিশ্রণ মসৃণ হয়। তারপর হাতে নিয়ে অথবা পছন্দের নকশার ছাঁচে চেপে বিভিন্ন আকৃতির সন্দেশ তৈরি করুন। তৈরি হয়ে গেলে কিছুক্ষণ রেখে দিন, যাতে সন্দেশগুলো সেট হয়ে যায়।

ব্যস, তৈরি হয়ে গেল সুস্বাদু নারকেলের সন্দেশ। গুড় দিয়ে বানালে এতে পাওয়া যাবে মিষ্টির আলাদা ঘ্রাণ ও স্বাদ, আর চিনি দিয়ে তৈরি করলে স্বাদ হবে কিছুটা ভিন্ন। দুইভাবেই বানিয়ে পরিবারের সবার সঙ্গে উপভোগ করতে পারেন এই ঘরোয়া মিষ্টি।