সময় রায়না আবারও আলোচনার কেন্দ্রে। মামলা, বিতর্ক এবং দীর্ঘ বিরতির পর জনপ্রিয় কৌতুকশিল্পী নতুন চমক নিয়ে ফিরেছেন। তাঁর বহুল আলোচিত শো ‘ইন্ডিয়াজ গট ল্যাটেন্ট’ এবার শুধু ইউটিউবেই নয়, নেটফ্লিক্সেও একযোগে প্রচার হচ্ছে। পাশাপাশি তাঁর জন্য আলাদা একটি কমেডি স্পেশালও নির্মাণ করছে নেটফ্লিক্স। ফলে বিতর্কের পর এটি সময় রায়নার ক্যারিয়ারের অন্যতম বড় প্রত্যাবর্তন হিসেবে দেখা হচ্ছে।
গত কয়েক দিন ধরেই নেটফ্লিক্স ও সময় রায়নার সামাজিক যোগাযোগমাধ্যমের রহস্যময় পোস্ট নিয়ে ভক্তদের মধ্যে ব্যাপক আলোচনা চলছিল। সব জল্পনার অবসান ঘটিয়ে আনুষ্ঠানিকভাবে নতুন সহযোগিতার ঘোষণা দেওয়া হয়। এরপর দ্বিতীয় মৌসুমের প্রথম পর্ব একযোগে নেটফ্লিক্স ও ইউটিউবে মুক্তি পায়। এটি ভারতীয় ডিজিটাল বিনোদন অঙ্গনে বড় ধরনের সিমুলকাস্ট উদ্যোগ, যেখানে একই সময়ে দুই প্ল্যাটফর্মে একই কনটেন্ট প্রকাশ করা হচ্ছে। নির্মাতারা জানিয়েছেন, দর্শক দুই প্ল্যাটফর্মেই একই সম্পাদনাহীন অভিজ্ঞতা পাবেন।
২০২৪ সালে ইউটিউবে শুরু হওয়া ‘ইন্ডিয়াজ গট ল্যাটেন্ট’ খুব অল্প সময়েই তরুণ দর্শকদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পায়। প্রতিযোগীদের ব্যতিক্রমী পরিবেশনা, বিচারকদের তাৎক্ষণিক প্রতিক্রিয়া এবং সময় রায়নার উপস্থাপনা অনুষ্ঠানটিকে আলাদা পরিচিতি দেয়। তবে ২০২৫ সালের শুরুতে অতিথি বিচারক রণবীর আল্লাহবাদিয়ার একটি মন্তব্য ঘিরে তীব্র সমালোচনা শুরু হয়। বিষয়টি পরে আইনি জটিলতায় রূপ নেয়। জনমতের চাপ বাড়লে সময় রায়না ইউটিউব থেকে শোটির সব পর্ব সরিয়ে নেন এবং কিছু সময়ের জন্য নিজেকেও জনসমক্ষে আড়াল করে রাখেন।
দীর্ঘ বিরতির পর সময় রায়না ফিরে আসেন তাঁর প্রথম পূর্ণাঙ্গ স্ট্যান্ড-আপ কমেডি স্পেশাল ‘স্টিল অ্যালাইভ’ নিয়ে। এক ঘণ্টার বেশি দৈর্ঘ্যের এই অনুষ্ঠানে তিনি বিতর্ক, ব্যক্তিগত সংকট, আর্থিক চ্যালেঞ্জ, শৈশবের অভিজ্ঞতা, মানসিক স্বাস্থ্য এবং পরিবার-ভক্তদের সমর্থন নিয়ে খোলামেলা কথা বলেন। ভিডিওটি প্রকাশের পর দ্রুতই কোটি কোটি দর্শকের কাছে পৌঁছে যায় এবং তাঁর জনপ্রিয়তা যে এখনো অটুট, সেটিও নতুন করে প্রমাণ করে।
এদিকে নেটফ্লিক্স সময় রায়নার জন্য নতুন একটি এক্সক্লুসিভ কমেডি স্পেশালও নির্মাণ করছে। প্ল্যাটফর্মটির দাবি, এতে তাঁর স্বতন্ত্র কৌতুকধারা, গল্প বলার ভঙ্গি এবং সমসাময়িক বিষয় নিয়ে পর্যবেক্ষণ তুলে ধরা হবে। যদিও নতুন স্পেশালের নাম বা মুক্তির তারিখ এখনো প্রকাশ করা হয়নি। নেটফ্লিক্স জানিয়েছে, নতুন ধরনের কনটেন্ট ও সৃজনশীল নির্মাতাদের সামনে আনার পরিকল্পনার অংশ হিসেবেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
দ্বিতীয় মৌসুমের প্রথম পর্বে অতিথি হিসেবে ছিলেন আলিয়া ভাট, শর্বরী বাগ এবং কৌতুকশিল্পী আশীষ সোলাঙ্কি। পর্বটি মুক্তির পর একজন প্রতিযোগীর ডোনাল্ড ট্রাম্প অনুকরণ সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক ভাইরাল হয়। একই সঙ্গে দর্শক আসন থেকে আসা একটি নারীবিদ্বেষী মন্তব্যের তাৎক্ষণিক প্রতিবাদ জানিয়ে আলিয়া ভাটও প্রশংসা কুড়িয়েছেন। সব মিলিয়ে বিতর্ক পেছনে ফেলে সময় রায়না আবারও ভারতীয় ডিজিটাল বিনোদনের অন্যতম আলোচিত নাম হয়ে উঠেছেন।
























