চট্টগ্রামের পটিয়ায় অপহরণের তিন দিন পর রেজাউল করিম (২৬) নামে এক যুবককে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, গত ৯ আগস্ট সন্ধ্যায় পূর্ববিরোধের জেরে পটিয়ার শান্তিরহাট বাজারের সড়ক থেকে রেজাউল করিমকে জোরপূর্বক তুলে নেওয়া হয়। পরে তাকে পাশের একটি কমিউনিটি সেন্টারে আটকে রেখে শারীরিক নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ ওঠে।
ঘটনার খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে ১২ আগস্ট বিকেল সাড়ে ৫টার দিকে ওই যুবককে উদ্ধার করে। এ সময় জুনায়েদ (৩১) ও আব্দুর রহিম (৩০) নামে দুইজনকে গ্রেপ্তার করা হয়।
পটিয়া থানার ওসি (তদন্ত) যুযুৎসু যশ চাকমা জানান, ভুক্তভোগী রেজাউল করিম বাদী হয়ে মামলা করেছেন। গ্রেপ্তার দুই আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।




























