বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের বর্তমান ‘রাকিব-নাছির’ কমিটির বিদায় সাক্ষাতের পর সংগঠনটির নতুন নেতৃত্ব নিয়ে আলোচনা শুরু হয়েছে। তবে নতুন কমিটি গঠনের বিষয়ে এখন পর্যন্ত বিএনপির পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক নির্দেশনা পাননি বলে জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
শুক্রবার (১৪ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে রিজভী এ কথা বলেন।
ছাত্রদলের নতুন কমিটি নিয়ে বিএনপির চেয়ারম্যানের কোনো নির্দেশনা রয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে রিজভী বলেন, তার কাছে এ ধরনের কোনো নির্দেশনা আসেনি। নতুন কমিটি নিয়ে কোনো সিদ্ধান্ত হয়ে থাকলে তা দলের পক্ষ থেকে জানানো হবে বলেও জানান তিনি।
বর্তমান ‘রাকিব-নাছির’ কমিটির বিদায় প্রসঙ্গে রিজভী বলেন, দলের হাইকমান্ড তাদের সঙ্গে কথা বলছেন। তাদের সঙ্গে কী আলোচনা হয়েছে বা কী ধরনের নির্দেশনা দেওয়া হয়েছে, সে বিষয়ে তিনি এই মুহূর্তে কিছু বলতে পারছেন না।
তিনি আরও জানান, নতুন কোনো সিদ্ধান্ত চূড়ান্ত হলে তা প্রেস রিলিজের মাধ্যমে জানানো হবে।
এর আগে বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে ছাত্রদলের বর্তমান নেতৃত্বের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এতে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি, সাধারণ সম্পাদকসহ সংগঠনটির কেন্দ্রীয় পর্যায়ের পাঁচজন শীর্ষ নেতা উপস্থিত ছিলেন।
বর্তমান কমিটির বিদায়ী সাক্ষাতের পর থেকেই ছাত্রদলের নতুন নেতৃত্ব নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা জোরালো হয়েছে। তবে নতুন কমিটির বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।



























