রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে প্রার্থী হিসেবে চূড়ান্ত করেছে বিএনপি। তিনি রাষ্ট্রপতি পদে গেলে দলের মহাসচিবের দায়িত্ব থেকে সরে দাঁড়াতে হবে। ফলে বিএনপির পরবর্তী মহাসচিব কে হচ্ছেন, তা নিয়ে দলটির ভেতরে আলোচনা শুরু হয়েছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে সচিবালয়ে অনুষ্ঠিত দলের বৈঠকে মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি প্রার্থী করার সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানা গেছে।
মির্জা ফখরুল রাষ্ট্রপতি পদে গেলে বিএনপির মহাসচিবের পদটি শূন্য হবে। এ পরিস্থিতিতে নতুন নেতৃত্ব নিয়ে দলের অভ্যন্তরে সম্ভাব্য কয়েকজনের নাম আলোচনায় এসেছে।
এর মধ্যে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নাম সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে। দীর্ঘদিন ধরে দলের সাংগঠনিক কার্যক্রম, রাজনৈতিক কর্মসূচি এবং গণমাধ্যমে দলের বক্তব্য তুলে ধরার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন তিনি। মাঠপর্যায়ের নেতা-কর্মীদের সঙ্গেও তার নিয়মিত যোগাযোগ রয়েছে।
পাশাপাশি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের নামও আলোচনায় রয়েছে। দলের নীতিনির্ধারণী পর্যায়ে দীর্ঘ অভিজ্ঞতার কারণে মহাসচিব পদে তার নাম বিবেচনায় আসতে পারে বলে দলীয় সূত্রে জানা গেছে।
তবে নতুন মহাসচিব নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। দলের গঠনতন্ত্র অনুযায়ী স্থায়ীভাবে মহাসচিব নির্বাচনের ক্ষেত্রে জাতীয় কাউন্সিলের বিষয়টি গুরুত্বপূর্ণ। এর আগে সাংগঠনিক প্রয়োজন অনুযায়ী সাময়িক দায়িত্ব দেওয়ার বিষয়ে দল সিদ্ধান্ত নিতে পারে।
রুহুল কবির রিজভী অবশ্য মহাসচিব পদ নিয়ে নিজের নাম আলোচনায় থাকার বিষয়ে গণমাধ্যমকে জানিয়েছেন, তিনি এ বিষয়ে এখনো কিছু জানেন না।
সামনে বিএনপির সাংগঠনিক কার্যক্রম, স্থানীয় সরকার নির্বাচন ও জাতীয় কাউন্সিলসহ গুরুত্বপূর্ণ রাজনৈতিক কর্মসূচি রয়েছে। ফলে মির্জা ফখরুল রাষ্ট্রপতি পদে গেলে দলের সাংগঠনিক নেতৃত্বে দ্রুত সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।



























