রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়ন চূড়ান্ত হওয়ার পর দলটির মহাসচিব পদে পরিবর্তন এসেছে। মির্জা ফখরুল পদত্যাগ করায় তার স্থলে আগামী জাতীয় কাউন্সিল পর্যন্ত ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব পেয়েছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে সচিবালয়ে বিএনপির জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে বৈঠকে দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান রিজভীকে এ দায়িত্ব দেন বলে দলীয় সূত্রে জানা গেছে।
সূত্রের তথ্য অনুযায়ী, পরবর্তী জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত না হওয়া পর্যন্ত রুহুল কবির রিজভী ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন। একই সঙ্গে তিনি দলের মুখপাত্রের দায়িত্বও পালন করবেন।
বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু জানান, মির্জা ফখরুল মহাসচিবের পদ থেকে সরে দাঁড়ানোয় এবং বর্তমানে কাউন্সিলের আয়োজন না থাকায় দলের সাংগঠনিক কার্যক্রম পরিচালনায় একজন ভারপ্রাপ্ত মহাসচিবের প্রয়োজন হয়েছে।
তিনি বলেন, বিএনপির গঠনতন্ত্র অনুযায়ী দলের চেয়ারম্যান মহাসচিব মনোনীত করেন এবং পরবর্তী কাউন্সিলে তা অনুমোদন করা হয়। বর্তমানে কাউন্সিল অনুষ্ঠিত না হওয়ায় চেয়ারম্যানের মনোনীত ব্যক্তিই পরবর্তী কাউন্সিল পর্যন্ত মহাসচিবের দায়িত্ব পালন করবেন।




























