একসময় বলিউডে আলোচিত অভিনেত্রী ছিলেন পূজা বেদী। অভিনয়ের পাশাপাশি অভিনেতা আদিত্য পঞ্চোলীর সঙ্গে তার সম্পর্ক নিয়েও একসময় ব্যাপক আলোচনা হয়েছিল। তবে সেই পুরোনো সম্পর্ক নিয়ে এখন আর প্রকাশ্যে কথা বলতে চান না তিনি।
সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের ব্যক্তিজীবন ও অভিনয়জীবন নিয়ে কথা বলতে গিয়ে আদিত্য পঞ্চোলীর প্রসঙ্গও উঠে আসে। এ সময় পূজা জানান, অতীতের সেই সম্পর্ক তার জীবনের গুরুত্বপূর্ণ একটি অভিজ্ঞতা হলেও বিষয়টি নিয়ে বারবার আলোচনা করতে তিনি আগ্রহী নন।
অভিনেত্রীর মতে, সম্পর্কটি শেষ হওয়ার বহু বছর পরও তাকে এ নিয়ে প্রশ্ন করা হয়। তবে এখন তিনি এ বিষয়ে নীরব থাকতেই স্বাচ্ছন্দ্যবোধ করেন।
পূজা বলেন, আদিত্য পঞ্চোলীর দুই সন্তান এখন বড় হয়েছেন। তাদের কথা বিবেচনা করে অতীতের সম্পর্ক নিয়ে প্রকাশ্যে বারবার আলোচনা করা ঠিক হবে না। কেউ বিষয়টি সম্পর্কে জানতে চাইলে ইন্টারনেটে খুঁজে দেখতে পারেন বলেও মন্তব্য করেন তিনি।
একই ইন্ডাস্ট্রিতে কাজ করার কারণে বিভিন্ন অনুষ্ঠান বা আয়োজনে আদিত্য পঞ্চোলীর সঙ্গে দেখা হয়ে যায় বলেও জানান পূজা। তবে এমন পরিস্থিতিতে তিনি দূরত্ব বজায় রাখার চেষ্টা করেন।
পূজা বেদীর ব্যক্তিজীবনেও রয়েছে বিচ্ছেদের অধ্যায়। ১৯৯৪ সালে ফারহান ফার্নিচারওয়ালাকে বিয়ে করেন তিনি। তাদের দুই সন্তান আলায়া ও ওমর। ২০০৩ সালে তাদের বিচ্ছেদ হয়। বর্তমানে নতুন করে বিয়ের বিষয়ে আগ্রহী নন বলেও জানিয়েছেন এই অভিনেত্রী।




























