ওমরাহ ভিসা এক বছরের জন্য বৈধ হলেও ইচ্ছামতো প্রতিবার সৌদি আরবে প্রবেশ করা যাবে না। নতুন নিয়ম অনুযায়ী, মাল্টিপল-এন্ট্রি ওমরাহ ভিসাধারীদের প্রতিটি সফরের আগে অনুমোদিত সার্ভিস প্যাকেজ বুকিং এবং ওমরাহ পারমিট নেওয়া বাধ্যতামূলক। ফলে ভিসা হাতে থাকলেই সরাসরি সৌদি যাওয়ার সুযোগ থাকছে না। সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের নিয়ম অনুযায়ী, এসব প্রক্রিয়া নুসুক প্ল্যাটফর্ম ও অ্যাপের মাধ্যমে সম্পন্ন করতে হবে।
নতুন মাল্টিপল-এন্ট্রি ওমরাহ ভিসা ইস্যুর তারিখ থেকে ৩৬৫ দিন পর্যন্ত কার্যকর থাকবে। এই সময়ের মধ্যে একজন মুসল্লি একাধিকবার সৌদি আরবে যেতে পারবেন। তবে সব মিলিয়ে সৌদিতে অবস্থানের সময় সর্বোচ্চ ৯০ দিন। অর্থাৎ ভিসার মেয়াদ এক বছর হলেও দেশটিতে টানা বা একাধিক সফর মিলিয়ে ৯০ দিনের বেশি থাকা যাবে না। প্রতিটি সফরের ক্ষেত্রে সৌদি কর্তৃপক্ষের নির্ধারিত নিয়ম ও যোগ্যতা পূরণ করতে হবে।
প্রতিবার সৌদি যাওয়ার আগে নুসুক প্ল্যাটফর্মে অনুমোদিত ওমরাহ সেবা প্রদানকারীর কাছ থেকে নতুন করে সার্ভিস প্যাকেজ কিনতে হবে। প্যাকেজের মেয়াদ ভিসার অবশিষ্ট বৈধতার সময়ের বেশি হতে পারবে না। একই সঙ্গে সৌদি আরবে যাওয়ার আগে নুসুক অ্যাপের মাধ্যমে ওমরাহ পারমিট নিতে হবে। সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের গাইডেও ওমরাহ পালনের আগে নুসুক অ্যাপ থেকে অনুমোদিত পারমিট নেওয়ার কথা বলা হয়েছে।
নিয়মের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, ভিসাধারী সৌদি আরব থেকে বের হওয়ার পর ভিসাটি সাময়িকভাবে নিষ্ক্রিয় থাকবে। পরবর্তী সফরের জন্য প্রয়োজনীয় শর্ত পূরণ হলে সেটি আবার সক্রিয় করা হবে। ফলে আগের সফরের ভিসা ব্যবহার করে কোনো অতিরিক্ত প্রক্রিয়া ছাড়াই নতুন করে সৌদিতে প্রবেশ করা যাবে না। এ ছাড়া বার্ষিক হজ মৌসুমে এই মাল্টিপল-এন্ট্রি ওমরাহ ভিসা কার্যকর থাকবে না।
প্রথমবার ওমরাহ ভিসা নেওয়ার ক্ষেত্রেও প্রক্রিয়াটি নির্দিষ্ট ধাপে সম্পন্ন করতে হবে। অনুমোদিত সেবা প্রদানকারীর প্যাকেজ বেছে নেওয়ার পর ভিসা-সংক্রান্ত প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করতে হবে। ভ্রমণের আগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ভ্রমণকারীর যোগ্যতা যাচাই করবে। সৌদি আরবে প্রবেশের পর আগমনের তথ্য এবং দেশ ছাড়ার সময় প্রস্থানের তথ্য নথিভুক্ত করা হবে। এর মাধ্যমে একজন ভিসাধারী মোট কত দিন সৌদিতে অবস্থান করেছেন, তা হিসাব রাখা হবে।
নতুন ব্যবস্থার মূল লক্ষ্য হলো ওমরাহযাত্রীদের ভ্রমণ ও ইবাদতের সময়সূচি আরও সহজভাবে পরিচালনা করা এবং পুরো প্রক্রিয়াকে ডিজিটাল ব্যবস্থার আওতায় আনা। সৌদি আরবের নতুন নিয়মে নুসুক প্ল্যাটফর্ম এখন ওমরাহ ভ্রমণের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। তাই এক বছরের মাল্টিপল-এন্ট্রি ওমরাহ ভিসা থাকলেও প্রতিটি সফরের আগে সার্ভিস প্যাকেজ, পারমিট ও অন্যান্য প্রযোজ্য শর্ত যাচাই করে নেওয়া জরুরি।



























