যশোরের স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান সেক্রেড হার্ট মাধ্যমিক বিদ্যালয়ে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল দলের উদ্বোধন, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার বিদ্যালয়ের একাডেমি ভবনে আয়োজিত এই বিশেষ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান শিক্ষাবান্ধব সরকার বিশ্বের সাথে তাল মিলিয়ে শিক্ষার্থীদের দক্ষ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে এক্সট্রা কারিকুলামের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেছে। এর পাশাপাশি স্কুল পর্যায় থেকেই বাংলা ও ইংরেজির সাথে তৃতীয় একটি ভাষা শিক্ষার ওপরও সরকার জোর দিচ্ছে, যাতে শিক্ষার্থীরা আন্তর্জাতিক পরিমণ্ডলে নিজেদের যোগ্য প্রমাণ করতে পারে।
শিক্ষা ক্ষেত্রে সরকারের যুগান্তকারী পদক্ষেপের কথা উল্লেখ করে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত আরও বলেন, বর্তমান সরকার দেশের শিক্ষা খাতে জিডিপির মোট ২ শতাংশ বরাদ্দ দিয়েছে, যা অতীতের কোনো সময়েই দেওয়া হয়নি। আগামীতে শিক্ষা ক্ষেত্রে এই বরাদ্দ আরও বাড়ানো হবে এবং পর্যায়ক্রমে তা ৫ শতাংশে উন্নীত করা হবে।
শিক্ষা খাতে বিনিয়োগের বিষয়ে সরকার কোনো ধরনের কার্পণ্য করবে না বলে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। তিনি বলেন, যাদের চোখে আমরা আগামীর বাংলাদেশ দেখতে চাই এবং যাদের হাত দিয়ে এই দেশটাকে গড়তে চাই, তারা যেন নিজেদের সেভাবেই যোগ্য করে তুলতে পারে। আমাদের বাচ্চারা যেন বিশ্বের অন্য যেকোনো দেশের সাথে সমানে সমান প্রতিযোগিতার মাধ্যমে দেশকে এক ঈর্ষণীয় জায়গায় নিয়ে যেতে পারে, বর্তমান সরকার সেই লক্ষ্যেই নিরলস কাজ করে যাচ্ছে।
বিদ্যালয়ের সার্বিক উন্নয়নের বিষয়েও প্রধান অতিথি গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি প্রদান করেন। তিনি বিদ্যালয়ের সাইন্স ল্যাব ও কম্পিউটার ল্যাবের পরিধি বাড়ানো এবং লাইব্রেরিটিকে আরও সমৃদ্ধ করার কথা জানান। এ ক্ষেত্রে তিনি এই বিদ্যালয়েরই একজন সাবেক শিক্ষার্থী হিসেবে ব্যক্তিগত ও সরকারি পর্যায় থেকে সর্বোচ্চ সহযোগিতা করার ঘোষণা দেন, যা উপস্থিত সবার মাঝে ব্যাপক উৎসাহের সৃষ্টি করে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু এবং সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খান খোকন। সেক্রেড হার্ট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভেরোনিকা যমুনা রোজারিওর সভাপতিত্বে এই অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) খান মাসুম বিল্লাহ এবং বিদ্যালয়ের অভিভাবক সদস্য রাজিদুর রহমান সাগরসহ আরও অনেকে।

























