৩ নং বানিয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বর্তমান অবস্থা অত্যন্ত শোচনীয়। বিদ্যালয়টির মাঠে প্রায় সারা বছরই জমে থাকে হাঁটু পানি। দীর্ঘস্থায়ী এই জলাবদ্ধতার কারণে বিদ্যালয়ের সার্বিক পরিবেশ নষ্ট হওয়ার পাশাপাশি কোমলমতি শিক্ষার্থীদের প্রতিনিয়ত চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
মাঠে জমে থাকা এই নোংরা ও কাদাযুক্ত পানিতে হেঁটে স্কুলে যাতায়াত করতে গিয়ে প্রায়শই ছোট ছোট শিক্ষার্থীরা পিছলে পড়ে যায়। এতে তাদের পোশাক নোংরা হওয়ার পাশাপাশি অনেকেই মারাত্মকভাবে আহত হচ্ছে। দীর্ঘদিন ধরে বিদ্যালয়ের এমন বেহাল দশা বিরাজ করায় অভিভাবকরাও তাদের সন্তানদের স্কুলে পাঠাতে ভয় পাচ্ছেন।
নিরাপত্তাহীনতা ও যাতায়াতের এই চরম দুর্ভোগের কারণে দিন দিন বিদ্যালয়টিতে ছাত্রছাত্রীর উপস্থিতির হার আশঙ্কাজনকভাবে হ্রাস পাচ্ছে। শিক্ষা গ্রহণের এমন প্রতিকূল পরিবেশ নিয়ে চরম হতাশা ব্যক্ত করেছেন স্থানীয় অভিভাবক ও সচেতন মহল।
বিদ্যালয়ের এই দুরবস্থা সম্পর্কে প্রধান শিক্ষিকা সালেহা বেগম হতাশা প্রকাশ করে জানান, স্কুলের বিশাল মাঠে পানি জমে থাকার কারণে শিক্ষার্থীদের বাধ্য হয়ে সাইডের পুকুরের সরু পাড় ঘেঁষে স্কুলে প্রবেশ করতে হয়, যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ।
তিনি আরও জানান, একটু বৃষ্টি হলেই পুকুরের ওই সরু পাড়টি অত্যন্ত পিচ্ছিল ও বিপজ্জনক হয়ে যায়। এমন পরিস্থিতিতে প্রতিদিন স্কুলে যাতায়াত করতে গিয়ে কোমলমতি শিক্ষার্থীরা কোনো অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার শিকার হয় কি না, তা নিয়ে শিক্ষকমণ্ডলী ও অভিভাবকরা সর্বদা চরম আতঙ্কের মধ্যে থাকেন।
শিক্ষার্থীদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে এবং শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে দ্রুত এই সমস্যা সমাধানের জোর দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।




























