তরুণ শিক্ষকদের দক্ষতা বাড়ানো ও গবেষণায় উৎসাহিত করতে প্রশিক্ষণ এবং গবেষণা অনুদান বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. আবদুল্লাহ-আল-মামুন। উচ্চশিক্ষার মান উন্নয়নে তরুণ শিক্ষকদের আরও বেশি সুযোগ দেওয়ার পরিকল্পনাও রয়েছে।
বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদ আয়োজিত এক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘দ্য মডার্ন সোশ্যাল সায়েন্টিস্টস: ন্যাভিগেটিং রিসার্চ, টিচিং অ্যান্ড একাডেমিক গ্রোথ’ শীর্ষক দিনব্যাপী কর্মশালাটি অনুষ্ঠিত হয় সামাজিক বিজ্ঞান অনুষদের অধ্যাপক মুজাফফর আহমদ চৌধুরী মিলনায়তনে।
অধ্যাপক আবদুল্লাহ-আল-মামুন বলেন, উচ্চশিক্ষায় জ্ঞান ও দক্ষতাভিত্তিক শিক্ষা নিশ্চিত করতে বিভিন্ন কার্যক্রম চলছে। তরুণ শিক্ষকদের জন্য গবেষণা অনুদান বাড়ানোর পাশাপাশি আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণ, ফ্যাকাল্টি এক্সচেঞ্জ, সামার স্কুল ও ইয়ং স্কলার্স প্রোগ্রামে তাদের অগ্রাধিকার দেওয়ার পরিকল্পনা রয়েছে।
তিনি বলেন, জ্ঞানভিত্তিক সমাজ গঠনে তরুণ শিক্ষকদের ভূমিকা গুরুত্বপূর্ণ। তাদের দক্ষতা ও গবেষণার সুযোগ বাড়ানো গেলে বিশ্ববিদ্যালয় পর্যায়ে গবেষণার মানও উন্নত হবে। এ জন্য শিক্ষক প্রশিক্ষণ ও গবেষণায় বিনিয়োগ আরও বাড়ানোর প্রয়োজন রয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক অবস্থান শক্তিশালী করতে শিক্ষকদের মানসম্মত গবেষণায় মনোযোগ দিতে হবে। গবেষণাপত্র প্রকাশের পাশাপাশি সাইটেশন বাড়ানোর বিষয়েও গুরুত্ব দিতে হবে।
তিনি আরও বলেন, ভালো গবেষণা আন্তর্জাতিক অঙ্গনে বিশ্ববিদ্যালয়ের পরিচিতি বাড়ায় এবং বৈশ্বিক র্যাঙ্কিংয়েও ইতিবাচক প্রভাব ফেলে। এ জন্য গবেষণার সুযোগ-সুবিধা নিশ্চিত করার পাশাপাশি আন্তর্জাতিক সহযোগিতা ও গবেষণা তহবিল সংগ্রহে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি।
কর্মশালায় সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমানসহ বিভিন্ন বিভাগের চেয়ারম্যান ও শিক্ষকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অর্থনীতি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. ফিরদৌসি নাহার ধন্যবাদ জ্ঞাপন করেন।



























