মক্কা চুক্তি ইরানের বিরুদ্ধে কোনো চুক্তি নয় বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জালিল রাহিমি। একই সঙ্গে বাংলাদেশের কোনো সিদ্ধান্ত নিয়েও ইরান উদ্বিগ্ন নয় বলে জানিয়েছেন তিনি। তার ভাষ্য, বাংলাদেশ সরকার ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি অনুসরণ করছে।
বুধবার সকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবিরের সঙ্গে সাক্ষাৎ করেন ইরানের রাষ্ট্রদূত। পরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে মক্কা চুক্তি, মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ও ইরানের অবস্থান নিয়ে কথা বলেন তিনি।
জালিল রাহিমি বলেন, মক্কা চুক্তিকে ইরানের বিরুদ্ধে হিসেবে দেখছে না তার দেশ। তার মতে, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ থেকেই এ ধরনের উদ্যোগ সামনে এসেছে। সৌদি আরবের সঙ্গে ইরানের কোনো বিরোধ নেই বলেও উল্লেখ করেন তিনি।
ইরানের রাষ্ট্রদূত আরও বলেন, তুরস্ক ও পাকিস্তান ইরানের ভালো বন্ধু এবং সৌদি আরবের সঙ্গেও ইরানের সুসম্পর্ক রয়েছে। ফলে মক্কা চুক্তিতে এসব দেশের অংশগ্রহণ নিয়ে ইরানের কোনো উদ্বেগ নেই বলে জানান তিনি।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সাম্প্রতিক সংঘাতের প্রসঙ্গ তুলে জালিল রাহিমি দাবি করেন, ইরান কোনো আরব দেশের ভূখণ্ডকে লক্ষ্য করে হামলা করেনি। তার বক্তব্য অনুযায়ী, ইরান আরব দেশগুলোতে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্য করেছে।
মক্কা চুক্তি নিয়ে ইরানের ভবিষ্যৎ অবস্থান সম্পর্কেও কথা বলেন রাষ্ট্রদূত। তিনি জানান, ইরান নিজ থেকে এই চুক্তিতে যোগ দেওয়ার প্রস্তাব দেয়নি। তবে সদস্যদেশগুলো ইরানকে যুক্ত হওয়ার আমন্ত্রণ জানালে বিষয়টি বিবেচনা করা হবে। একই সঙ্গে তিনি বলেন, প্রায় এক দশক আগে ইরান পারমাণবিক অস্ত্রমুক্ত মধ্যপ্রাচ্য ও আঞ্চলিক যৌথ প্রতিরক্ষা ব্যবস্থার প্রস্তাব দিয়েছিল। সেই প্রস্তাব তখন সমর্থন পায়নি বলেও উল্লেখ করেন তিনি।


























