আলু দিয়ে এমন অনেক নাশতা তৈরি করা যায়, যা বানানো যেমন সহজ, খেতেও তেমন সুস্বাদু। তার মধ্যে পটেটো প্যানকেক অন্যতম। বাইরে মচমচে, ভেতরে নরম—এই খাবারটি সকালের নাশতা কিংবা হালকা খাবার হিসেবে বেশ জমে যায়।
সবচেয়ে ভালো বিষয় হলো, এই রেসিপির জন্য খুব বেশি উপকরণও প্রয়োজন নেই। আলু, পেঁয়াজ, ডিম ও ময়দার মতো সাধারণ কিছু উপকরণ দিয়েই তৈরি করা যায়।
ইউক্রেনীয় খাবারের ঐতিহ্যে আলুর এই প্যানকেক টক দইয়ের সঙ্গে পরিবেশন করা হয়। চাইলে সালাদ, দই বা মাশরুম সসের সঙ্গেও খেতে পারেন।
যে উপকরণগুলো লাগবে
- ৪টি বড় আলু
- ১টি মাঝারি পেঁয়াজ
- ২টি ডিম
- ¼ কাপ ময়দা
- ½ চা চামচ লবণ বা স্বাদ অনুযায়ী
- ¼ চা চামচ গোলমরিচ বা স্বাদ অনুযায়ী
- ভাজার জন্য ২ টেবিল চামচ তেল
ধাপ ১: আলু ও পেঁয়াজ প্রস্তুত করুন
প্রথমে আলু ও পেঁয়াজের খোসা ছাড়িয়ে নিন। এরপর দুটিই কুরিয়ে নিন।
সময় বাঁচাতে চাইলে ফুড প্রসেসরেও আলু ও পেঁয়াজ দিয়ে প্রায় ২ মিনিট প্রসেস করতে পারেন। তবে একেবারে মিহি পেস্ট করবেন না—আলু কুচি বা গ্রেট করা অবস্থার মতো হলেই যথেষ্ট।
ধাপ ২: আলুর অতিরিক্ত পানি বের করে নিন
গ্রেট করা আলু-পেঁয়াজ একটি পাতলা ছাঁকনি বা পরিষ্কার রান্নাঘরের কাপড়ে নিন। ভালোভাবে চেপে এর অতিরিক্ত পানি বের করে একটি বাটিতে রাখুন।
আলুর পানি ফেলে দেওয়ার পর বাটির নিচে সাদা রঙের যে স্তরটি দেখা যাবে, সেটি আসলে আলুর স্টার্চ। এটি ফেলে দেবেন না। এই স্টার্চ প্যানকেকের টেক্সচার ভালো করতে সাহায্য করে।
ধাপ ৩: ব্যাটার তৈরি করুন
চেপে পানি বের করা আলু ও পেঁয়াজের মিশ্রণ আবার একটি বাটিতে নিন। এর সঙ্গে ডিম, ময়দা, লবণ ও গোলমরিচ যোগ করুন।
সব উপকরণ ভালোভাবে মিশিয়ে নিন। মিশ্রণটি যেন খুব বেশি পাতলা না হয়, সেদিকে খেয়াল রাখুন।
ধাপ ৪: প্যানকেক ভেজে নিন
একটি নন-স্টিক প্যানে মাঝারি আঁচে তেল গরম করুন। এরপর এক চামচ করে আলুর মিশ্রণ প্যানে দিন এবং চামচ দিয়ে হালকা চেপে গোল বা চ্যাপ্টা আকার দিন।
প্রতি পাশ প্রায় ২–৩ মিনিট করে ভাজুন। দুই পাশ সুন্দর সোনালি বাদামি ও মচমচে হয়ে এলে বুঝবেন প্যানকেক তৈরি।
ভাজার পর টিস্যু বা কিচেন পেপারের ওপর রাখুন, যাতে অতিরিক্ত তেল শুষে নেয়।
কীসের সঙ্গে পরিবেশন করবেন?
ঐতিহ্যগতভাবে পটেটো প্যানকেক টক দই বা সাওয়ার ক্রিমের সঙ্গে পরিবেশন করা হয়। চাইলে এর সঙ্গে তাজা সালাদ, দই বা মাশরুম সসও রাখতে পারেন।
সকালের নাশতায় এক কাপ চা বা কফির সঙ্গে এটি বেশ ভালো মানিয়ে যায়।
কোন আলু ব্যবহার করবেন?
স্টার্চের পরিমাণ বেশি থাকায় রাসেট আলু এই রেসিপির জন্য ভালো কাজ করে। তবে রাসেট না পাওয়া গেলে ইয়ুকন গোল্ড বা একই ধরনের স্টার্চযুক্ত আলুও ব্যবহার করা যেতে পারে।
আলু ভালোভাবে চেপে অতিরিক্ত পানি বের করে নেওয়াই মচমচে প্যানকেক তৈরির অন্যতম গুরুত্বপূর্ণ ধাপ।
আগে থেকে বানিয়ে রাখা যাবে?
হ্যাঁ, চাইলে পটেটো প্যানকেক আগে থেকে তৈরি করে সংরক্ষণ করা যায়। প্রথমে প্যানকেকগুলো পুরোপুরি ভেজে ঠান্ডা করে নিন।
এরপর একটি ট্রেতে এক স্তরে সাজিয়ে ফ্রিজারে অন্তত ২ ঘণ্টা রাখুন। শক্ত হয়ে গেলে ফ্রিজার ব্যাগে নিয়ে সংরক্ষণ করতে পারেন।
খাওয়ার সময় ওভেন ২৩০ ডিগ্রি সেলসিয়াসে গরম করে হিমায়িত প্যানকেকগুলো ট্রেতে এক স্তরে সাজিয়ে প্রায় ১৫ মিনিট গরম করুন।
তবে একেবারে প্যান থেকে নামানো গরম পটেটো প্যানকেকই সবচেয়ে বেশি মচমচে ও সুস্বাদু।




























