চন্দনাইশ প্রতিনিধিঃ মো. নুরুল আলম
চট্টগ্রামের চন্দনাইশে থানা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে মাদক সেবন করে জনশৃঙ্খলা বিঘ্ন করার সময় ২ মাদকসেবীকে গ্রেপ্তার করা হয়েছে। পরে মোবাইল কোর্টের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়।
চট্টগ্রাম জেলার সুযোগ্য পুলিশ সুপার মো. মাসুদ আলম, বিপিএম মহোদয়ের সার্বিক দিক-নির্দেশনায় এবং চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) এস.এম. দিদারুল ইসলাম সিকদার এর নেতৃত্বে থানা পুলিশের একটি চৌকস দল গত ২০ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টা থেকে ২১ সেপ্টেম্বর সকাল সাড়ে ৭টা পর্যন্ত পৌর এলাকাসহ থানার বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করে।
গ্রেপ্তারকৃতরা হলেন- চন্দনাইশ পৌরসভার ৩নং ওয়ার্ড খুনিয়াপাড়া এলাকার নুরুল আলমের পুত্র রবিউল হাসান সানি (৩০) এবং একই এলাকার মৃত ওমর আলীর পুত্র গোলাপুর রহমান (৪৫)।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত রবিউল হাসান সানির বিরুদ্ধে মোবাইল কোর্ট মামলা নং-১২১/২৬ এবং গোলাপুর রহমানের বিরুদ্ধে মোবাইল কোর্ট মামলা নং-১২২/২৬ দায়ের করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(৫) ধারায় রবিউল হাসান সানিকে ১০০ টাকা অর্থদণ্ড ও ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং গোলাপুর রহমানকে ১০০ টাকা অর্থদণ্ড ও ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন বিজ্ঞ আদালত। দায়েরকৃত পৃথক দুইটি মোবাইল কোর্ট মামলায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ঝন্টু বিকাশ চাকমা এই দণ্ড প্রদান করেন।
এ বিষয়ে চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) এস.এম. দিদারুল ইসলাম সিকদার জানান, মাদকের বিরুদ্ধে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তারকৃত আসামিদের আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।



























