বাংলাদেশ নারী দলের র্যাঙ্কিং নিয়ে নতুন আপডেট প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। সর্বশেষ প্রকাশিত নারী ওয়ানডে র্যাঙ্কিংয়ে এক ধাপ উন্নতি করেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। শুক্রবার প্রকাশিত আইসিসির বার্ষিক হালনাগাদ তালিকা অনুযায়ী পাকিস্তানকে পেছনে ফেলে সপ্তম স্থানে উঠে এসেছে বাংলাদেশ নারী দল। এর আগে এই তালিকায় অষ্টম স্থানে ছিল টাইগ্রেসরা। বর্তমানে বাংলাদেশের রেটিং পয়েন্ট ৭৩। যদিও আগের তুলনায় এক পয়েন্ট কমেছে, তবে পাকিস্তানের রেটিং আরও কমে যাওয়ায় তালিকায় এগিয়ে গেছে বাংলাদেশ।
আইসিসির নতুন তালিকায় পাকিস্তান তিন রেটিং পয়েন্ট হারিয়ে অষ্টম স্থানে নেমে গেছে। ফলে বাংলাদেশের জন্য সপ্তম স্থানে ওঠার সুযোগ তৈরি হয়েছে। এদিকে তালিকার শীর্ষ ছয়টি অবস্থানে কোনো পরিবর্তন হয়নি। আগের মতোই শীর্ষে রয়েছে অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দল। দ্বিতীয় স্থানে রয়েছে ইংল্যান্ড নারী দল। তৃতীয় স্থানে ভারত, চতুর্থ স্থানে দক্ষিণ আফ্রিকা, পঞ্চম স্থানে নিউজিল্যান্ড এবং ষষ্ঠ স্থানে রয়েছে শ্রীলঙ্কা।
আইসিসি নতুন নিয়ম অনুযায়ী দলগুলোর পারফরম্যান্স মূল্যায়নে পরিবর্তন এনেছে। ২০২৫ সালের মে মাস থেকে বর্তমান বছরের পারফরম্যান্সকে শতভাগ গুরুত্ব দেওয়া হচ্ছে। অন্যদিকে আগের দুই বছরের পারফরম্যান্সকে ৫০ শতাংশ গুরুত্ব দিয়ে র্যাঙ্কিং নির্ধারণ করা হচ্ছে। এই পদ্ধতির ফলে অনেক দলের অবস্থানে পরিবর্তন এসেছে। এই নতুন হিসাব অনুযায়ী বাংলাদেশের রেটিং কিছুটা কমলেও অবস্থানের উন্নতি হয়েছে।
আইসিসির তালিকায় ওয়েস্ট ইন্ডিজ নবম এবং আয়ারল্যান্ড দশম স্থানে রয়েছে। স্কটল্যান্ড এক ধাপ এগিয়ে একাদশ স্থানে উঠে এসেছে। এছাড়া জিম্বাবুয়ে দুই ধাপ এগিয়ে দ্বাদশ এবং পাপুয়া নিউ গিনি তিন ধাপ এগিয়ে ত্রয়োদশ স্থানে অবস্থান করছে। সংযুক্ত আরব আমিরাত এক ধাপ এগিয়ে চতুর্দশ স্থানে রয়েছে। তবে গত তিন বছরে প্রয়োজনীয় ম্যাচ না খেলায় থাইল্যান্ড এবং নেদারল্যান্ডসকে আপাতত র্যাঙ্কিং তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে।
এদিকে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ খেলছে বাংলাদেশ নারী দল। ওয়ানডে সিরিজের পর টি-টোয়েন্টি সিরিজেও হার দেখতে হয়েছে টাইগ্রেসদের। হোয়াইটওয়াশ এড়ানোর লক্ষ্য নিয়ে সিরিজের শেষ ম্যাচে মাঠে নামবে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন দল। এই ম্যাচের আগে আইসিসি র্যাঙ্কিংয়ে উন্নতির খবর দলের জন্য ইতিবাচক বার্তা হিসেবে দেখছেন বিশ্লেষকরা।
গত কয়েক বছরে নারী ক্রিকেটে ধারাবাহিক উন্নতি করেছে বাংলাদেশ। আন্তর্জাতিক টুর্নামেন্টে নিয়মিত অংশগ্রহণের মাধ্যমে দলটি নিজেদের অবস্থান শক্ত করেছে। বিশেষ করে এশিয়া অঞ্চলে বাংলাদেশ নারী দল এখন অন্যতম প্রতিদ্বন্দ্বী দল হিসেবে পরিচিতি পেয়েছে।ক্রিকেট বিশ্লেষকদের মতে, ধারাবাহিক পারফরম্যান্স ধরে রাখতে পারলে ভবিষ্যতে র্যাঙ্কিংয়ে আরও উন্নতি করার সম্ভাবনা রয়েছে বাংলাদেশের।



























