ফিফা বিশ্বকাপ ২০২৬-এর উদ্বোধনী আয়োজনের এক বিশেষ মঞ্চে বলিউড তারকা নোরা ফাতেহির সঙ্গে পারফর্ম করে আলোচনায় এসেছেন বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন সংগীতশিল্পী ও প্রযোজক সঞ্জয় (Sanjoy)। কানাডার টরন্টোতে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে তারা ফরাসি শিল্পী ভেজড্রিমের সঙ্গে বিশ্বকাপের অফিসিয়াল গান ‘Siir Siir’ পরিবেশন করেন।
বিশ্বকাপের উদ্বোধনী আয়োজনে নোরা ফাতেহি তার নৃত্য ও মঞ্চ উপস্থিতি দিয়ে দর্শকদের মুগ্ধ করেন। একই সঙ্গে সঞ্জয়ের সংগীত পরিবেশনা ও প্রযোজনা দর্শকদের ব্যাপক প্রশংসা কুড়ায়। স্টেডিয়ামজুড়ে হাজারো দর্শক গানটির সঙ্গে উচ্ছ্বাসে মেতে ওঠেন।
‘Siir Siir’ গানটি ফিফা বিশ্বকাপ ২০২৬-এর অফিসিয়াল অ্যালবামের অংশ। এতে নোরা ফাতেহি, সঞ্জয় এবং ফরাসি শিল্পী ভেজড্রিম একসঙ্গে কাজ করেছেন। গানটির কোরিওগ্রাফি করেছেন ভারতীয় কোরিওগ্রাফার রাজিত দেব এবং এটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলে।
সঞ্জয় সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, গানটি তৈরি করতে কয়েক মাস সময় লেগেছে এবং বিভিন্ন দেশের শিল্পীরা এতে অংশ নিয়েছেন। বিশ্বকাপের মতো বৈশ্বিক মঞ্চে কাজ করতে পেরে তিনি গর্বিত বলেও উল্লেখ করেন।
বাংলাদেশি ভক্তদের কাছে বিষয়টি বিশেষ গর্বের, কারণ প্রথমবারের মতো বাংলাদেশি বংশোদ্ভূত একজন শিল্পী ফিফা বিশ্বকাপের অফিসিয়াল সংগীত প্রকল্প এবং উদ্বোধনী অনুষ্ঠানের সঙ্গে যুক্ত হয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই সঞ্জয়কে বাংলাদেশের গর্ব হিসেবে উল্লেখ করেছেন।




























