ফেনী সীমান্তে সাম্প্রতিক পুশইন, চোরাচালান ও উত্তেজনা নিয়ে বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে বৈঠক হয়েছে। রোববার (১৬ আগস্ট) বিলোনিয়া আইসিপি এলাকায় বিজিবি ও বিএসএফের ব্যাটালিয়ন অধিনায়ক পর্যায়ের এ বৈঠকে সীমান্ত হত্যা বন্ধ, অবৈধ পারাপার ঠেকানো এবং চোরাচালান দমনে যৌথভাবে কাজ করার বিষয়ে একমত হয়েছে দুই পক্ষ।
ফেনীর পরশুরাম উপজেলার বিলোনিয়া ইমিগ্রেশন চেকপোস্ট এলাকায় বেলা সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত বৈঠকটি চলে। এতে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান। তার সঙ্গে বিজিবির আরও ২০ সদস্য অংশ নেন।
অন্যদিকে ভারতের ৪৩ বিএসএফ ব্যাটালিয়নের কমান্ড্যান্ট এসএইচ রবীন্দ্র মাদানির নেতৃত্বে নয় সদস্যের প্রতিনিধি দল বৈঠকে উপস্থিত ছিলেন। প্রায় এক ঘণ্টার আলোচনায় সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং দুই দেশের সীমান্তবর্তী মানুষের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়গুলো গুরুত্ব পায়।
বৈঠকে সীমান্ত হত্যা বন্ধের পাশাপাশি অবৈধভাবে সীমান্ত পারাপার ঠেকানো এবং মাদকসহ সব ধরনের চোরাচালান বন্ধে সমন্বিত পদক্ষেপ নেওয়ার বিষয়ে আলোচনা হয়। সীমান্তে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হলে দ্রুত দুই বাহিনীর মধ্যে যোগাযোগের ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে।
দুই পক্ষের সিদ্ধান্ত অনুযায়ী, সীমান্তে স্থানীয় পর্যায়ে কোনো বিরোধ দেখা দিলে প্রথমে কোম্পানি কমান্ডার পর্যায়ে আলোচনার মাধ্যমে তা সমাধানের চেষ্টা করা হবে। সেখানে সমাধান না হলে বিষয়টি ব্যাটালিয়ন অধিনায়ক পর্যায়ে নিয়ে আলোচনা করে নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হবে।
এ ছাড়া সীমান্তের শূন্যরেখা থেকে ১৫০ গজের মধ্যে কোনো ধরনের অবৈধ স্থাপনা বা অবকাঠামো নির্মাণ না করার নীতি পুনর্ব্যক্ত করেছে উভয় পক্ষ। সীমান্তবর্তী জমি নিয়ে দুই দেশের নাগরিকদের মধ্যে বিরোধ দেখা দিলেও আইন নিজের হাতে না তুলে দুই বাহিনীর সহযোগিতায় আলোচনার মাধ্যমে সমাধানের বিষয়ে ঐকমত্য হয়েছে।
সাম্প্রতিক পুশইন ও চোরাচালান ঘিরে ফেনী সীমান্তে উত্তেজনার মধ্যেই এ বৈঠক অনুষ্ঠিত হলো। সীমান্তে অপরাধ নিয়ন্ত্রণ, পারস্পরিক যোগাযোগ বাড়ানো এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে নিয়মিত সমন্বয়ের প্রয়োজনীয়তার বিষয়েও বৈঠকে গুরুত্ব দেওয়া হয়।


























