চন্দনাইশ প্রতিনিধিঃ মো. নুরুল আলম
রংপুরের শিক্ষক গণপতি চক্রবর্ত্তীর পরিবারসহ সারাদেশে খুন, হত্যা ও ধর্ষণের প্রতিবাদ ও বিচার এবং গ্যাস ও বিদ্যুৎ সংকট নিরসনের দাবিতে চট্টগ্রামের পটিয়ায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গত ২৯ আগস্ট বিকেলে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবির চট্টগ্রাম দক্ষিণ জেলার উদ্যোগে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
পটিয়া থানার মোড় এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহিদ মিনারে গিয়ে শেষ হয়। পরে থানার মোড় এলাকায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

কমরেড কানাই দাসের সভাপতিত্বে কমরেড অনুপম বড়ুয়া সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন সাধারণ সম্পাদক কমরেড শওকত আলী, সহসম্পাদক কমরেড শিহাব উদ্দিন সাইফুল, সম্পাদক মন্ডলী সদস্য কমরেড অলক দাস, কমরেড শিমুল কান্তি ধর, যুব নেতা শুকান্ত দাস প্রমুখ।
বক্তারা বলেন, রংপুরের শিক্ষক গণপতি চক্রবর্তী ও তার পরিবারের সদস্যদের হত্যার ঘটনাটি দেশ-বিদেশে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে, যা মানুষকে ভীতির মধ্যে ফেলে দিয়েছে। অবিলম্বে এই হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদঘাটন করা উচিত। বক্তারা এই হত্যাকান্ড ছাড়াও হত্যার প্রতিবাদ ও বন্ধের দাবি জানান। বক্তারা আরও বলেন, সারাদেশে ঘন ঘন লোডশেডিংয়ে মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে। অবিলম্বে লোডশেডিং বন্ধ, গ্যাস-বিদ্যুৎ-সার সরবরাহ নিশ্চিত, কলকারখানায় শ্রমিক ছাঁটাই ও বন্ধের প্রতিবাদ জানান। তারা শিক্ষক পরিবারের হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ন্যায় বিচার ও সারাদেশে হত্যা বন্ধের জানান বক্তারা।



























