ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ক্রেন এনে পুকুর থেকে গাঁজাবাহী একটি মাইক্রোবাস উদ্ধার করেছে থানা পুলিশ। মাইক্রোবাসটি উদ্ধারের সময় পুকুরের পানি থেকে ভাসমান অবস্থায় নয় বস্তা গাঁজা উদ্ধার করা হয়। তবে এ ঘটনার সঙ্গে জড়িত মাদক পাচারকারী বা চালক কাউকেই শেষ পর্যন্ত আটক করা সম্ভব হয়নি।
শুক্রবার (২৮ আগস্ট) সকালে উপজেলার বিনাউটি ইউনিয়নের খিদিরপুর এলাকায় চাঞ্চল্যকর এ ঘটনা ঘটে। পরে পুলিশ ঘটনাস্থল থেকে উদ্ধারকৃত কালো রঙের মাইক্রোবাস এবং বিপুল পরিমাণ গাঁজা জব্দ করে থানায় নিয়ে যায়।
পুলিশ সূত্র থেকে জানা যায়, শুক্রবার ভোরে বিপুল পরিমাণ ভারতীয় গাঁজা পাচারের একটি গোপন সংবাদ পায় পুলিশ। ওই সংবাদের ভিত্তিতে উপজেলার সৈয়দাবাদ টু নয়নপুর সড়কে অভিযান চালায় কসবা থানা পুলিশের একটি বিশেষ দল।
অভিযান চলাকালে কালো রঙের একটি মাইক্রোবাসকে সন্দেহ হলে সেটি থামার সিগন্যাল দেয় পুলিশ। কিন্তু গাড়িটি না দাঁড়িয়ে দ্রুতগতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশও গাড়িটিকে ধাওয়া করতে শুরু করে। পুলিশের ধাওয়া খেয়ে মাইক্রোবাসটি কসবা-সৈয়দাবাদ সড়কের সঙ্গে সংযুক্ত আন্দিরপাড়-মনকাশাইর সড়কে ঢুকে পড়ে।
সূত্র আরও জানায়, দ্রুতগতিতে পালানোর সময় খিদিরপুর গ্রাম পার হওয়ার একপর্যায়ে মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি পুকুরে পড়ে যায়। ঢাকা মেট্রো-চ ১৯-০৭৪০ নম্বরের ওই মাইক্রোবাসটির পিছু নিয়ে পুলিশও তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে অবস্থান নেয়। তবে গাড়িটি পুকুরে পড়ার পরপরই এতে থাকা পাচারকারী ও চালক সাঁতরে পালিয়ে যেতে সক্ষম হয়।
মাইক্রোবাসটি পুকুরে পড়ার পর এর ভেতরে থাকা গাঁজার প্যাকেটগুলো পানিতে ভেসে উঠে। খবর পেয়ে পরে ক্রেন এনে মাইক্রোবাসটি এবং ভাসমান অবস্থায় নয় বস্তা গাঁজা উদ্ধার করে পুলিশ। কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মোহাম্মদ রাশেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে চালানো অভিযানে পুলিশের ধাওয়া খেয়ে গাড়িটি পুকুরে পড়ে যায় এবং পরে ক্রেন দিয়ে তা উদ্ধার করা হয়।




























