চন্দনাইশ প্রতিনিধিঃ মো. নুরুল আলম
চট্টগ্রামের চন্দনাইশের গাছবাড়িয়া খাঁনহাট বাজারে সামুদ্রিক মাছে নিষিদ্ধ ও ক্ষতিকর রং মিশিয়ে বিক্রির অপরাধে এক মাছ বিক্রেতাকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় প্রায় ১৭ হাজার টাকা মূল্যের বিষাক্ত রঙ মেশানো মাছ জব্দ করে মাটিচাপা দিয়ে বিনষ্ট করা হয়।

বুধবার (৭ অক্টোবর) বিকেল ৪টায় চন্দনাইশ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আবদুর রহমান এ মোবাইল কোর্ট পরিচালনা করেন।
জানা যায়, দীর্ঘদিন ধরে গাছবাড়িয়া খাঁনহাট বাজারে কিছু অসাধু ব্যবসায়ী সামুদ্রিক মাছে আকর্ষণীয় দেখানোর জন্য ক্ষতিকর কেমিক্যাল রং ব্যবহার করে আসছিল। এমন গোপন সংবাদের ভিত্তিতে ইউএনও বাজারে অভিযান চালান। অভিযানে রঙ মেশানোর প্রমাণ পাওয়ায় মৎস্য ও মৎস্য পণ্য (পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ) আইন, ২০২০ অনুযায়ী ওই বিক্রেতাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা মো. তানবীর আহসান অভিযানে সহযোগিতা করেন।
উপজেলা নির্বাহী অফিসার মো. আবদুর রহমান বলেন, "জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর কোনো কর্মকাণ্ড বরদাশত করা হবে না। সামুদ্রিক মাছে নিষিদ্ধ রং ব্যবহার করায় মাছগুলো বিনষ্ট করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


মন্তব্য
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
একটি মন্তব্য লিখুন