সিরাজগঞ্জের তাড়াশে আসন্ন শারদীয় দুর্গাপূজা নিরাপদ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে তাড়াশ থানা কম্পাউন্ড মিলনায়তনে থানা পুলিশের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়। এতে উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ এবং বিভিন্ন পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকরা অংশ নেন।
সভায় পূজামণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিত করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। এর মধ্যে সিসিটিভি ক্যামেরা স্থাপন, স্বেচ্ছাসেবক দল গঠন এবং মণ্ডপ এলাকায় নিরাপত্তা ব্যবস্থাপনার বিষয়গুলো গুরুত্ব পায়।
এ ছাড়া পূজার সময় যান চলাচল স্বাভাবিক রাখা এবং ট্রাফিক ব্যবস্থাপনা নিয়েও আলোচনা করা হয়। ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে অসাম্প্রদায়িক ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা আয়োজনের ওপর গুরুত্ব দেওয়া হয়।
মতবিনিময় সভায় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে পূজামণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেওয়া হয়।
পাশাপাশি পূজামণ্ডপ কমিটির কর্মকর্তাদের নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়েছে। আসন্ন দুর্গাপূজাকে কেন্দ্র করে স্থানীয় প্রশাসন ও পূজা কমিটিগুলোর সমন্বয় আরও জোরদার করার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।


























