নওগাঁ জেলা প্রতিনিধিঃ শ্রী সুদাম চন্দ্র
নওগাঁর মহাদেবপুর উপজেলায় লাইসেন্সবিহীন তিনটি চিকিৎসাসেবা প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযান চালিয়ে দুই প্রতিষ্ঠানের মালিককে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড এবং তিন প্রতিষ্ঠানকে মোট ৮০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ২৫ অক্টোবর পৃথকভাবে পরিচালিত এসব অভিযানে লাইসেন্স ছাড়া চিকিৎসাসেবা ও ওষুধ বিক্রির বিষয়টি উঠে আসে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, এসআরবি-৫, সিপিসি-৩, জয়পুরহাটের একটি গোয়েন্দা দল গত কয়েক দিন ধরে মহাদেবপুর উপজেলার বিভিন্ন এলাকায় হাসপাতাল, হোমিও হল ও অন্যান্য চিকিৎসাসেবা প্রতিষ্ঠানের লাইসেন্সসংক্রান্ত তথ্য অনুসন্ধান করে। অনুসন্ধানে তিনটি প্রতিষ্ঠানের লাইসেন্স না থাকার বিষয়টি শনাক্ত করা হয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

প্রথম অভিযানে ফাতেমা হোমিও হল নামের প্রতিষ্ঠানে লাইসেন্স ছাড়া রোগী দেখা ও ওষুধ বিক্রির অভিযোগে প্রতিষ্ঠানের মালিক মো. ফারুক হোসেনকে (৩২) এক মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা করা হয়। তিনি মহাদেবপুর উপজেলার কুঞ্জবন এলাকার মকবুল ইসলামের ছেলে। এ বিষয়ে মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইন, ২০১০-এর ২৮(১) ধারায় মামলা করা হয়।
দ্বিতীয় অভিযানে উপজেলার লেচুবাগান এলাকায় ফাইভ স্টার মেডিকেল সেন্টার নামের প্রতিষ্ঠানে লাইসেন্স না থাকায় মালিক মো. বেদারুল ইসলামকে (৫৫) ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। তিনি মান্দা উপজেলার কুশল এলাকার মৃত জেহের আলীর ছেলে। এ ঘটনায়ও মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইন, ২০১০-এর ২৮(১) ধারায় মামলা করা হয়।
তৃতীয় অভিযানে একই এলাকার স্পেশালাইজড সেন্টার ফর ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন প্রতিষ্ঠানে লাইসেন্স না থাকার অভিযোগে মালিক মো. মাসুম আলীকে (২৮) এক মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ২০ হাজার টাকা জরিমানা করা হয়। তিনি মহাদেবপুর এলাকার মো. সৈয়দ আলীর ছেলে। এ ক্ষেত্রে মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইন, ২০১০-এর ২৯ ধারায় মামলা করা হয়।
অভিযানে তিনটি প্রতিষ্ঠানের ওপর আরোপিত মোট ৮০ হাজার টাকা জরিমানা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানানো হয়।
জনস্বাস্থ্য সুরক্ষা এবং লাইসেন্সবিহীন চিকিৎসাসেবা প্রতিষ্ঠানের কার্যক্রম নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান পরিচালনা করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।



মন্তব্য
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
একটি মন্তব্য লিখুন